আড়াইহাজারে আটটি টেক্সটাইল পুড়ে গেছে
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি টেক্সটাইল মিল পুড়ে গেছে। গতকাল শুক্রবার গোপালদী পৌরসভার উলুকান্দি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এলাকার চাঁদাবাজরা আগুন লাগিয়েছে আশঙ্কা করে মালিকেরা এ ঘটনায় ২০ কোটি টাকার ক্ষতি দাবি করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলা সোয়া ১১টায় গোপালদীবাজার উলুকান্দি পশ্চিমপাড়া এলাকার বিক্রমপুর টেক্সটাইল মিলে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের শিখা ২০-৩০ ফুট ওপরে উঠে যায়। এতে একই প্লটে থাকা আটটি মিলের সুতা, কাপড়, যন্ত্রপাতি ও পাওয়ারলুম মেশিনারিজ পুড়ে যায়। খবর পেয়ে আধা ঘণ্টা পর মাধবদী ও পরে নরসিংদী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে পুড়ে গেছে জয়দেব সাহার মালিকানাধীন বিক্রমপুর টেক্সটাইল মিল, মাধব সাহার গোপাল টেক্সটাইল মিল, অসিত সাহার অসিত টেক্সটাইল মিল, ইসমাইল হোসেনের এশা টেক্সটাইল মিল, মাজহারুল পাঠানের পাঠান টেক্সটাইল মিল, নজরুল ইসলামের ভাই ভাই টেক্সটাইল মিল, মজিবুর রহমানের মজিবুর টেক্সটাইল মিল ও বিকাশ দেবনাথের লৌহজং টেক্সটাইল মিল।
ক্ষতিগ্রস্তদের দাবি, দীর্ঘদিন ধরে এই শিল্প এলাকায় চাঁদাবাজ ও সন্ত্রাসীরা ব্যবসায়ীদের নানাভাবে হয়রানি করে আসছে। অগ্নিকাণ্ডের বিষয়টি নাশকতাও হতে পারে বলে তারা জানান। বিষয়টি পুলিশকে খতিয়ে দেখার দাবি জানান তাঁরা।
মাধবদী ফায়ার সার্ভিসের অ্যাসিস্টেন্ট স্টেশন অফিসার বেলায়েত হোসেন জানান, আগুনে আটটি মিলের ৪১৭টি পাওয়ারলুম মেশিন, প্রায় দুই লাখ গজ কাপড়, সুতা, অন্যান্য যন্ত্রপাতি এমনকি মিল ঘরগুলোও পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
বিক্রমপুর টেক্সটাইল মিলের মালিক জয়দেব সাহা জানান, আগুনে আটটি মিলের প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে।