আড়াইহাজারে এক রাতে ছয় ডাকাতি
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গত বৃহস্পতিবার রাতে ছয়টি ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় চারজন আহত হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ডাকাতেরা দুই লাখ ৫৩ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় সাত লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলা সদর ইউনিয়নের কামরানীর চর গ্রামে বৃহস্পতিবার রাত ১২টার দিকে পৃথক তিনটি ডাকাতির ঘটনা ঘটেছে। কামরানীর চর গ্রামের কাপড় ব্যবসায়ী আলমগীর হোসেনের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। তারা বাড়ির কলাপসিবল গেটের তালা ও ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। বাধা দিলে তারা আলমগীর, তাঁর ছোট ভাই সাদ্দাম হোসেন ও খালাতো ভাই ওয়াদুদকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে এবং হাত-পা বেঁধে বাড়ির পাশের মন্দিরে ফেলে রাখে। এ সময় ডাকাতেরা ঘর থেকে এক লাখ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ডাকাতেরা একই গ্রামের পাঁচগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লোকনাথ দাসের বাড়িতে হানা দেয়। তারা লোকনাথের টিনশেড বিল্ডিংয়ের দরজা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে ১০ ভরি স্বর্ণালংকার ও ১৫ হাজার টাকা লুট করে। তারা পার্শ্ববর্তী স্বপ্না রানী দাসের বাড়িতেও হানা দেয়। তারা ওই বাড়ি থেকে ১২ আনি ওজনের একটি স্বর্ণের চেইন লুট করে। রাত একটার দিকে উপজেলা সদরের মাছ ব্যবসায়ী ফসিদ মিয়ার বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা তাঁর বাড়ির ভাড়াটিয়া পল্লী বিদ্যুতের লাইনম্যান শাহজাহান মিয়ার ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ৬৮ হাজার টাকা ও এক ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে। বেবিট্যাক্সি ও রিকশার যাত্রী উপজেলার খাগকান্দা ইউনিয়নের সাব্বির ও হাসান বলেন, ওই দিন রাতে উপজেলার উচিতপুরা এলাকায় হাজি বেলায়েত হোসেন কলেজের সামনের সড়কে যাত্রীবাহী বেবিট্যাক্সি ও রিকশার গতিরোধ করে ডাকাতেরা। এ সময় যাত্রীদের কাছ থেকে তারা ২৫ হাজার টাকা ও তিনটি মুঠেফোনের সেট লুট করে নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম বলেন, এলাকার ৬০ শতাংশ পাওয়ারলুম কারখানা বন্ধ হয়ে যাওয়ায় অধিকাংশ শ্রমিক বেকার হয়ে পড়েছেন। এ কারণে অপরাধ-প্রবণতা বেড়েছে।