আড়াইহাজারে এক রাতে তিন বাড়িতে ডাকাতি
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গত সোমবার রাতে আওয়ামী লীগের নেতার বাড়িসহ তিনটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা বাড়ির লোকদের হাত-পা বেঁধে এলোপাতাড়ি কুপিয়ে ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। এতে আওয়ামী লীগের নেতাসহ তিনজন আহত হয়েছেন।ডাকাতির শিকার ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সাংবাদিকদের বলেন, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের সুলতানসাদী গ্রামের মুদি ব্যবসায়ী ও ফতেপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতাহার মোল্লার (৫৫) বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। তারা আতাহারকে এলোপাতাড়ি কুপিয়ে এবং অন্যদের হাত-পা বেঁধে ১০ ভরি স্বর্ণালংকার, ৫০ হাজার টাকা, মুঠোফোনের দুটি সেটসহ মূল্যবান মালামাল লুট করে।একই রাত একটার দিকে ডাকাতেরা উপজেলার দুপ্তারা ইউনিয়নের সত্যবান্দি মোল্লাপাড়া গ্রামের সুতা ও কাপড় ব্যবসায়ী আনোয়ার হোসেনের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা টিনশেড ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্র দেখিয়ে বাড়ির লোকদের জিমিঞ্চ করে। বাধা দিলে গৃহকর্তা আনোয়ার ও তাঁর স্ত্রীকে মারধর করে ডাকাতেরা। এ সময় ঘর থেকে ৫০ হাজার টাকা, এক ভরি স্বর্ণালংকার, মুঠোফোনের পাঁচটি সেটসহ মূল্যবান মালামাল লুট করে। একই সময় ডাকাত দল পাশের বাড়ির কাপড় ও সুতা ব্যবসায়ী করিমের বাড়িতে হানা দেয়। বাড়ির লোকজনকে রশি দিয়ে হাত-পা বেঁধে এক লাখ ৪০ হাজার টাকা, আট ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল ডাকাতি করে নিয়ে যায়।