আড়াইহাজারে এক রাতে ১৮ বাড়িতে ডাকাতি
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার একটি গ্রাম ঘেরাও করে একই রাতে ১৮টি বাড়িতে ডাকাতি করেছে ডাকাতেরা। এ সময় ডাকাতের হামলায় ১০ জন আহত হন।গত রোববার দিবাগত রাতে উপজেলার মেঘনা নদীর পারের ডেঙ্গুরকান্দী গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতেরা নগদ টাকাসহ ১৪ লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে বলে ভুক্তভোগীরা দাবি করেছেন।এলাকাবাসী ও পুলিশ জানায়, রাত একটার দিকে কয়েকটি ইঞ্জিনচালিত ট্রলারযোগে কয়েক শ ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডেঙ্গুরকান্দী গ্রামে হানা দেয়। ডাকাতেরা গ্রামটির চারদিক ঘিরে ১৮টি বাড়িতে ডাকাতি করে। তারা বাড়িগুলোর লোকজনকে অস্ত্রের মুখে জিমিঞ্চ করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে যায়। এলাকাবাসী জানান, ডাকাতের হামলায় কমপক্ষে ১০ আহত হন। তাঁদের মধ্যে জাহানারা, ইকবাল, ওমর আলী, শাহিন মিয়া ও পিয়ারালীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ডাকাতের হামলায় আহত স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ওমর আলী জানান, ডাকাতি শেষে ডাকাতেরা ট্রলারযোগে পালিয়ে যায়। আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) মুজিবুর রহমান বলেন, গ্রামটির বেশির ভাগ পুরুষ জেলে ও কারখানার শ্রমিক। তাঁরা ওই রাতে বাড়িতে ছিলেন না। এই সুযোগে ডাকাতেরা ওই গ্রামে হানা দেয়। তবে এভাবে ডাকাতির পেছনে অন্য কোনো শত্রুতা রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।নবাবগঞ্জে দুই বাড়িতে ডাকাতি: নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, নবাবগঞ্জ উপজেলার কলাকোপা গোপীকান্তপুর ও মাধবপুর গ্রামের দুটি বাড়িতে গত রোববার দিবাগত রাতে ডাকাতি হয়েছে।