আড়াইহাজারে কৃষি ইনস্টিটিউটের নামে জমি অধিগ্রহণ, ক্ষোভ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের মেঘনা নদীতীরবর্তী তিনটি গ্রাম—চৈতনকান্দা, বিশনন্দী, টেটিয়া (উলুকান্দা) মৌজার ২০০ একর কৃষিজমির মালিক শত শত পরিবার বর্তমানে তাদের জমি অধিগ্রহণের আতঙ্কে দিন কাটাচ্ছে।ক্ষমতাসীন দলের প্রভাবশালী লোকজনের ভয়ে ভূমি হুকুমদখলের সরকারি নোটিশ পাওয়া সাধারণ মানুষ এর প্রতিবাদে আন্দোলন করতেও সাহস পাচ্ছে না। সরেজমিনে জানা গেছে, উপজেলার বিশনন্দী ইউনিয়নের মেঘনা নদীর পশ্চিম তীরে মানিকপুর ফেরিঘাটের অবস্থান। পূর্বে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কড়ইকান্দি। ব্রাহ্মণবাড়িয়ার বেশির ভাগ মানুষ এখন ফেরি পারাপার হয়ে সড়কপথে সময় ও অর্থ বাঁচাতে আড়াইহাজার হয়ে ঢাকায় যায়। মানিকপুরের ফেরিঘাটের পশ্চিম-দক্ষিণ প্রান্তে মেঘনার তীরে বিস্তীর্ণ ফসলি জমি। এসব জমিতে বছরে তিনটি ফসল উৎপাদিত হয়। ধান ছাড়াও বাদাম, আলু, ডাল, শাকসবজির ব্যাপক ফলন হয় এসব জমিতে।স্থানীয় সাংসদ নজরুল ইসলাম বাবু সমপ্রতি এখানে ফলিত পুষ্টি কৃষি ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে প্রকল্পের জন্য ভূমি হুকুমদখলের কাজ শুরু হয়েছে। জেলা ভূমি হুকুমদখল কর্মকর্তা এসব কৃষিজমির মালিকদের অধিগ্রহণের নোটিশ পাঠিয়েছেন।আড়াইহাজার উপজেলার ভূমি অফিসের লোকজন কৃষিজমির মালিকদের বাড়ি বাড়ি গিয়ে হুকুমদখলের সরকারি নোটিশ পৌঁছে দিচ্ছেন। কিন্তু জমির মালিকেরা তাঁদের পৈতৃক জমি সরকারি হুকুমদখলের বিরুদ্ধে আপত্তি জানিয়ে ইতিমধ্যে কৃষি, গণপূর্ত, ভূমি মন্ত্রণালয়, নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছেন। এসব আবেদনে তিনটি গ্রামের ৩০৭ জন জমি-মালিকের স্বাক্ষর রয়েছে। বিশনন্দী গ্রামের বাসিন্দা মো. জাহাঙ্গীর জানান, পৈতৃক ও ক্রয় সূত্রে এসব কৃষিজমির বর্তমান মালিকেরা বছরের পর বছর ভোগদখলে আছেন। কেউ কেউ ঘর তুলে পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন। জমির মালিকদের অনেকেরই পূর্বপুরুষের জমি ভাঙনে মেঘনার গর্ভে বিলীন হয়ে গেছে। বহু বছরে তিনটি ফসল উৎপাদন করে এসব জমির মালিকেরা তাঁদের জীবিকা নির্বাহ করছেন।এসব কৃষিজমি অধিগ্রহণ করা হলে হাজার হাজার মানুষ আর্থিকভাবে চরমভাবে ক্ষতিগ্রস্ত ও নিজ সম্পত্তি থেকে উচ্ছেদ হবে। টেটিয়া (উলুকান্দা) গ্রামের বাসিন্দা আবদুল মান্নানের অভিযোগ, মেঘনা নদীতে নারায়ণগঞ্জের আড়াইহাজার ও ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে সরাসরি ফেরি সার্ভিস চালু হওয়ার পর থেকেই ভূমিদস্যুদের চোখ পড়েছে এসব কৃষিজমির ওপর।ক্ষমতাসীন দলের জনপ্রতিনিধির ছত্রচ্ছায়ায় সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলী গোলাম মোহাম্মদ নামে-বেনামে চৈতনকান্দা, বিশনন্দী, চালারচর, মানিকপুর গ্রাম ও আড়াইহাজার উপজেলা সদরে প্রচুর জমি কিনেছেন। দেশে এক-এগারোর পটপরিবর্তনের পর ট্রুথ কমিশনে গোলাম মোহাম্মদ হাজির হয়ে দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের কথা স্বীকার করে জরিমানা দিয়েছিলেন। কিছুদিন চাকরি থেকে সাসপেন্ড থাকলেও রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পর আবারও বহাল হন।চৈতনকান্দা গ্রামের আলী হোসেন বলেন, স্থানীয় ভূমি অফিস থেকে জমির মালিকদের অধিগ্রহণের নোটিশ দিলেও ক্ষমতাসীন দলের জনপ্রতিনিধি ও তাঁর ক্যাডারদের ভয়ে জমির মালিকেরা প্রতিবাদে আন্দোলনে নামারও সাহস পাচ্ছেন না। জমির দু-একজন মালিক প্রতিবাদ করলেও তাঁদের ক্ষমতাসীন দলের ক্যাডার ও পুলিশ দিয়ে নানাভাবে হয়রানি করা হচ্ছে। নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের আওয়ামী লীগের সাংসদ নজরুল ইসলাম জানান, কৃষি মন্ত্রণালয় আড়াইহাজারে দেশের প্রথম ফলিত পুষ্টি কৃষি ইনস্টিটিউট নির্মাণের পরিকল্পনা নিয়েছে। প্রথমে ২০০ একর জমি নির্ধারণ করা হলেও কম লোক যাতে ক্ষতিগ্রস্ত হয়, এ জন্য ভূমি হুকুমদখলের পরিমাণ কমানো হয়েছে। প্রকল্পের বেশির ভাগ জমি পড়েছে সরকারি খাস ও মেঘনার তীরভূমি। সরকারি খাস ও নদীর তীরভূমিতে চাষাবাদ করে এ ধরনের কিছু লোক তাঁদের স্বার্থে এই প্রকল্পের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছেন। ক্ষতিগ্রস্ত মালিকদের সরকারি নিয়ম মোতাবেক ক্ষতিপূরণ দেওয়া হবে।আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারোয়ার হোসেন জানান, কৃষি মন্ত্রণালয়ের সচিব ইতিমধ্যে প্রকল্পের জন্য নির্ধারিত এলাকা পরিদর্শন করে গেছেন। ব্যক্তিমালিকানাধীন যেসব জমি প্রকল্পের এলাকায় পড়েছে, তা অধিগ্রহণের জন্য সংশ্লিষ্ট জমির মালিককে নোটিশ পাঠানো হয়েছে। প্রকল্পের প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ করে উপজেলা প্রশাসন কৃষি মন্ত্রণালয়ে হস্তান্তর করবে। এরপর শুরু হবে নির্মাণকাজ। সওজের অভিযুক্ত প্রকৌশলী গোলাম মোহাম্মদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।