আড়াইহাজারে গণপিটুনিতে দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কাদিরজা গ্রামে গতকাল সোমবার রাতে গণপিটুনিতে দুই ‘ডাকাত’ নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তালা ভাঙার কাটার, বল্লম ও ধারালো ছুরি উদ্ধার করেছে পুলিশ।
নিহত ডাকাতেরা হলেন উপজেলার মর্দাসাদি ইউনিয়নের বাসিন্দা মোক্তার (৩৫) ও আল আমিন (৩০)। তাঁদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় ১০-১৫টি করে ডাকাতির মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আতাদি গ্রামের একটি চরে রাত ১০টার দিকে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিলে এলাকাবাসী টের পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে ডাকাতদের ধাওয়া করলে তাঁরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান। এ সময় পুলিশ কয়েকটি গুলি ছোড়ে। ডাকাতেরা চক থেকে বেরিয়ে রাস্তা পার হয়ে পাশের কাদিরজা গ্রামে ঢুকলে এলাকাবাসী দুই ডাকাত সদস্যকে আটক করে পিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার পরিদর্শক মো. আলমগীর জানান, নিহত ব্যক্তিরা ডাকাত দলের সদস্য। তাঁদের বিরুদ্ধে ১০ থেকে ১৫টি করে ডাকাতির মামলা রয়েছে। তাঁরা দীর্ঘদিন পালিয়ে ছিলেন।