আড়াইহাজারে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানগর গ্রামে জয়তারা বেগম (২৬) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, স্বামী আক্কাছ আলী শ্বাসরোধে জয়তারাকে হত্যা করেছেন। ঘটনার পর থেকে আক্কাছ পলাতক।জয়তারার বড় ভাই আনোয়ার হোসেন জানান, পাঁচ বছর আগে উপজেলার রাধানগর গ্রামের সাধু মিয়ার ছেলে আক্কাছ আলীর সঙ্গে তাঁর বোন জয়তারার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের কোনো বনিবনা হচ্ছিল না। এ নিয়ে তাঁদের মধ্যে ঝগড়াবিবাদ লেগে থাকত। জয়তারা ছাড়া আক্কাছ আলীর আরও দুই স্ত্রী আছেন। শনিবার গভীর রাতে ঝগড়ার একপর্যায়ে আক্কাছ আলী জয়তারাকে শ্বাসরোধ করে হত্যার পর মুখে বিষ ঢেলে দেন। আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম জানান, নিহতের বড় ভাই অভিযোগ করেছেন, জয়তারাকে শ্বাসরোধে হত্যার পর স্বামী মুখে বিষ ঢেলে দিয়েছেন। অন্যদিকে, নিহতের স্বামীর পরিবারের লোকজন দাবি করেছেন, জয়তারা বিষ খেয়ে আত্মহত্যা করেছেন।