আড়াইহাজারে গৃহবধূর রহস্যজনক মৃত্যু স্বামী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পুলিশ গতকাল শনিবার শিল্পী (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী শাহ্ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এক বছর আগে বন্দর উপজেলার নবীগঞ্জের কাওতাইলের বাসিন্দা শাহ্ আলমের সঙ্গে শিল্পীর বিয়ে হয়। শিল্পী ছিলেন শাহ আলমের চাচাতো ভাইয়ের স্ত্রী। বিয়ের পর থেকে তাঁরা আড়াইহাজার সদরের মুকুন্দি গ্রামের আজগর আলী মেম্বারের বাড়িতে ভাড়া থাকতেন। শুক্রবার রাতে তাঁরা সিনেমা দেখে এসে ওই বাড়িতে ঘুমিয়ে পড়েন। সকালে ঘরের আড়ার সঙ্গে শিল্পীর ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। এটি হত্যা, না আত্মহত্যা, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তা জানা যাবে।