নারায়ণগঞ্জের আড়াইহাজারে লিপি (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুুলিশ। যৌতুকের দাবি মেটাতে না পারায় স্বামী ও তাঁর পরিবারের লোকজন শ্বাসরোধ করে লিপিকে হত্যা করে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাশুড়ি শামসুন্নাহারকে (৫০) গ্রেপ্তার করেছে।লিপির পারিবারিক সূত্র জানায়, তিন বছর আগে আড়াইহাজার উপজেলার দাসিরদিয়া গ্রামের স্বপনের সঙ্গে সোনারগাঁ উপজেলার রায়পুরা গ্রামের আ. আজিজের মেয়ে লিপির বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে লিপির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকেন স্বামী স্বপন ও শাশুড়ি শামসুন্নাহার। অভিযোগ মতে, গত ৩১ আগস্ট সকালে স্বামী স্বপন ও শাশুড়ি শামসুন্নাহার লিপির ওপর শারীরিক নির্যাতন চালিয়ে নাকে-মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করেন। পরে লিপির মুখে বিষ ঢেলে লাশ বাড়ির পাশের রাস্তায় ফেলে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ রাস্তা থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী জেলা হাসপাতালে পাঠায়। ঘটনার পর পুলিশ শাশুড়ি শামসুন্নাহারকে উপজেলার বাড়ৈপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম বলেন, এ ব্যাপারে মামলা করেছেন।