আড়াইহাজারে চার বাড়িতে ডাকাতি আহত ২
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গত শুক্রবার রাতে চারটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় আহত হয়েছেন দুজন। দুর্বৃত্তরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় আট লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি। এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারগুলোর ভাষ্যমতে, রাত একটার দিকে উপজেলা সদরের প্রয়াত মতিউল্লাহ মিয়ার বাড়িতে একদল ডাকাত হানা দেয়। তারা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে স্বর্ণালংকার ও ১০ হাজার টাকা লুটে নেয়। পরে ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের খোকা, নুরুল ইসলাম ও সাইদুলের বাড়িতে হানা দিয়ে ছয় ভরি স্বর্ণালংকার, মুঠোফোন ও নগদ টাকাসহ দামি মালামাল লুট নেয় দুর্বৃত্তরা। এদিকে ডাকাতির খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় ডাকাতের দল ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে সাইদুল নামের একজন আহত হন। তা ছাড়া, ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে ফারুক নামের আরও একজন আহত হন। সাইদুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ফারুককে আড়াইহাজার স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।্র আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম জানান, ডাকাতির ঘটনা তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেনি।