আড়াইহাজারে ছাত্রলীগ কর্মীর নেতৃত্বে তাণ্ডব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার চৈতনকান্দা গ্রামে গত সোমবার দুই পক্ষের সংঘর্ষের পরদিন গতকাল মঙ্গলবার ছাত্রলীগের এক কর্মীর নেতৃত্বে তাণ্ডব চালানো হয়েছে। তাঁদের হামলায় শিশুসহ কমপক্ষে অর্ধশত ব্যক্তি আহত হয়েছে। ভাঙচুর ও লুটপাট করা হয়েছে কমপক্ষে ২৫টি ঘর, একটি মাদ্রাসা, দুটি কারখানা, তিনটি মুদি দোকান ও একটি চটপটির ভ্যান।
তাণ্ডবের ব্যাপারে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানালেও কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। তবে পুলিশ অভিযোগ অস্বীকার করেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ঈদ উপলক্ষে গত শনিবার রাতে চৈতনকান্দা এলাকায় কনসার্টের আয়োজন করেন ওই গ্রামের সরকারবাড়ির ছাত্রলীগের কর্মী দুলাল, আলী হোসেন এবং স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের লোকজন। এ উপলক্ষে সেখানে জুয়ার আসর ও কনসার্টেরও আয়োজন করা হয়। কনসার্টে তরুণীদের অশ্লীল নৃত্য হওয়া নিয়ে গ্রামের আগারের বাড়ির জাকির ও এলাহীর সঙ্গে দুলাল ও তাঁর লোকজনের বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়। এ নিয়ে দুই পাড়ার দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা চলছিল। সেই রেশ ধরে সোমবার সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত সরকারবাড়ি ও আগারের বাড়ির কয়েক শ লোক দা, ছোরা, টেঁটা, বল্লম ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়।
পরে আড়াইহাজার থানা ও গোপালদী ফাঁড়ি থেকে বিপুলসংখ্যক পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল আটটার দিকে ছাত্রলীগের কর্মী দুলাল ও হবির নেতৃত্বে কয়েক শ লোক দা, ছোরা, টেঁটা, বল্লম, রড ও লাঠিসোঁটা নিয়ে আগারের বাড়ি ও মধ্যপাড়া এলাকায় ঘণ্টাব্যাপী হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। হামলায় শিশু ও নারীসহ কমপক্ষে ৫০ জন আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মানিকপুর বাজারে স্বর্ণা মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে।
হামলার শিকার পাওয়ারলুম কারখানার ব্যবসায়ী আলেক মিয়া অভিযোগ করেন, আগের দিন সোমবার রাতেও দুলালের নেতৃত্বে সন্ত্রাসীরা তাঁর বাড়িতে হামলা চালায়। বিষয়টি পুলিশকে জানালেও তারা কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো হামলাকারীদের সঙ্গে আড্ডা মেরে চলে যায়। গতকাল সকালের তাণ্ডবের ঘটনা তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলেও তারা আড়াই ঘণ্টা পর ঘটনাস্থলে আসে। পুলিশের রহস্যজনক ভূমিকার কারণে সন্ত্রাসীদের হামলা ও লুটপাটে প্রায় ৩০টি পরিবার সর্বস্ব হারিয়েছে বলে তিনি জানান।
ছাত্রলীগের কর্মী দুলাল জানান, সোমবার তাঁদের লোকজনের ওপর আগারের বাড়ির লোকজন হামলা চালিয়েছিল। এই কারণে তাঁরা প্রতিশোধ নিতে পাল্টা হামলা চালান।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোরশেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হামলা ও মারামারির ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ না দেওয়ায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।