আড়াইহাজারে জমি অধিগ্রহণ না করার দাবিতে মানববন্ধন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফলিত পুষ্টি কৃষি ইনস্টিটিউটের নামে ২০০ একর কৃষিজমি অধিগ্রহণ না করার দাবিতে গতকাল রোববার মানববন্ধন করেছেন কৃষক পরিবারের সদস্যরা।গতকাল বেলা দেড়টা থেকে দুইটা পর্যন্ত উপজেলার মেঘনা নদীর পশ্চিমতীরে মানিকপুর ফেরিঘাট এলাকার পাশে বিশনন্দী, চৈতন্যকান্দা ও কটিয়াদী (উলুকান্দা) গ্রামের কৃষক পরিবারের সদস্যরা এ কর্মসূচিতে অংশ নেন।কৃষকেরা লাঙল, জোয়াল, কাঁচি হাতে মানববন্ধনে অংশ নেন। এ সময় তাঁরা ‘জান দেব তো জমি দেব না’ ‘ভূমিদস্যুদের কবল থেকে গরিব কৃষকদের রক্ষা করো’ ও ‘কৃষিজমি বাঁচাও’ ইত্যাদি স্লোগান দেন।মানববন্ধনে অংশ নেওয়া কৃষক আবদুল কুদ্দুস, আবদুল মালেক, আলী হোসেন, লিটু মিয়া সাংবাদিকদের বলেন, মানিকপুরের ফেরিঘাটের পশ্চিম-দক্ষিণ প্রান্তে মেঘনার তীরের জমিতে বছরে তিনটি ফসল উৎপাদিত হয়। ধান ছাড়াও সেখানে বাদাম, আলু, ডাল, শাকসবজির ব্যাপক ফলন হয়। সম্প্রতি সেখানে ফলিত পুষ্টি কৃষি ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে প্রকল্পের জন্য ভূমি হুকুমদখলের কাজ শুরু হয়েছে। জেলা ভূমি হুকুমদখল কর্মকর্তা কৃষিজমির মালিকদের অধিগ্রহণের নোটিশ পাঠিয়েছেন। কিন্তু জমির মালিকেরা সরকারি হুকুমদখলের বিরুদ্ধে আপত্তি জানিয়ে কৃষি, গণপূর্ত ও ভূমি মন্ত্রণালয় এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানিয়েছেন।