স্বজনের লাশ নিতে হাসপাতালে যাওয়ার পথে ডাকাতির শিকার হয়েছেন পাঁচ ব্যক্তি। ডাকাতেরা এ সময় তাঁদের পিটিয়ে আহত করে। লুট করে নিয়ে যায় টাকা ও মুঠোফোনের সেট। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গত রোববার রাতে এ ঘটনা ঘটে।আহত ব্যক্তিরা হলেন: উপজেলার মোহনপুর গ্রামের মোস্তফা (৪০), রুবি বেগম (২৬), মতিন (৪৫), শবমেহের (৩৫) ও রতন (৪৬)। আহত ব্যক্তিরা জানান, রোববার রাতে তাঁদের নিকটাত্মীয় ক্যানসারে আক্রান্ত রমুজা বেগম (৫৫) আড়াইহাজারে খাজা জেনারেল হাসপাতালে মারা যান। খবর পেয়ে তাঁরা রাত ১১টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে ওই হাসপাতালে যাচ্ছিলেন। পথিমধ্যে উচিৎপুরা হাজী বেলায়েত কলেজের সামনে ১৪-১৫ জন ডাকাত তাঁদের গতিরোধ করে। ডাকাতেরা এ সময় তাঁদের এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। একপর্যায়ে তাঁদের কাছে থাকা ১৫ হাজার টাকা ও দুটি মুঠোফোনের সেট লুটে নিয়ে যায় ডাকাতেরা। তবে আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান বলেন, রোববার রাতে ওই স্থানে ডাকাতির বিষয়ে তাঁদের কাছে কোনো তথ্য নেই।