আড়াইহাজারে ডাকাতি, টাকা ও মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার একটি বাজারে গত শনিবার দিবাগত রাতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতেরা কৌশলে বাজারের নৈশপ্রহরীদের হাত-পা বেঁধে ফেলে দুটি দোকান থেকে প্রায় ১১ লাখ টাকা, স্বর্ণালংকারসহ বেশ কিছু মালামাল নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন।ডাকাতির পর গতকাল রোববার সকালে উপজেলার পাঁচরুখি পূর্বপাড়া সেতুর নিচ থেকে দুটি রামদা, দুটি ছোরা, একটি তালা ভাঙার যন্ত্রসহ ডাকাতদের ফেলে যাওয়া বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।স্থানীয় মরিয়ম স্পিনিং কারখানার মালিক সুজন মিয়া সাংবাদিকদের জানান, শনিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার কালীবাড়ি বাজারে প্রায় ৫০ জনের একটি ডাকাতদল নিজেদের র‌্যাব ও পুলিশ পরিচয় দিয়ে বাজারের ছয়জন নৈশপ্রহরীকে ডেকে একত্রিত করে। একপর্যায়ে ডাকাতেরা অস্ত্রের মুখে নৈশপ্রহরীদের জিম্মি করে তাঁদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে ডাকাতেরা সুজন মিয়ার মালিকানাধীন সুতার কারখানার একটি শোরুমের ফটকের তালা ভেঙে নয় লাখ ৬০ হাজার টাকা, ব্যাংক হিসাবের ২০টি চেক, মূল্যবান দলিল ও কাগজপত্র নিয়ে যায়। এ ছাড়া ডাকাতেরা বাজারের সুমন জুয়েলারি নামের একটি স্বর্ণের দোকানের ফটক ভেঙে টাকা, দেড় ভরি স্বর্ণালংকারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে গেছে।তবে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম বলেন, এটি ডাকাতি নয়, চুরি। ডাকাতির ঘটনায় গতকাল মামলার প্রস্তুতি চলছিল।