আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ছনপাড়া এলাকায় গত বুধবার রাতে যাত্রীবাহী বাসে ডাকাতির প্রস্তুতির সময় আন্তজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পশ্চিমপাড়া এলাকার বিদ্যুত্ দেবনাথ ও পঞ্জুস কুমার।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম বলেন, বুধবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের ছনপাড়া এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল কয়েকজন ডাকাত। সেখানে অভিযান চালিয়ে দেবনাথ (২৫) ও পঞ্জুস কুমার (২৫) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁরা আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি ধারালো চাপাতি, একটি কিরিজ ও একটি ক্ষুর উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় অন্য ডাকাতেরা পালিয়ে যায়।