আড়াইহাজারে ডাকাতের হামলায় আহত ৫
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাতদের হামলায় পাঁচজন আহত হয়েছেন। গত রোববার রাতে হাইজাদি ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একদল ডাকাত ওই গ্রামের ব্যবসায়ী সাহাজউদ্দিনের বাড়ির কলাপসিবল গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করে এবং ডাকাতদের ধাওয়া করে। এ সময় ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হাবিবুর রহমান, মনির হোসেন ও মিনারা বেগমসহ পাঁচজনকে আহত করে। পরে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাতেরা পালিয়ে যায়। আহত ব্যক্তিদের মধ্যে হাবিবুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মনির ও মিনারা বেগমকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম জানান, ডাকাতেরা ওই বাড়ি থেকে কোনো মালামাল নিতে পারেনি। আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে।