আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ইলমদি গ্রামে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ২৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার হাইজাদি ইউনিয়নের ইলমদি গ্রামের একটি পুকুরের মালিকানা নিয়ে আবদুস ছাত্তারের সঙ্গে আবদুর রহিমের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত শনিবার বিরোধপূর্ণ পুকুরে আবদুস সাত্তার মাটি কাটতে গেলে আবদুর রহিম মেম্বারের সঙ্গে বাগিবতণ্ডা হয়। এ ঘটনায় গতকাল বিকেলে আবদুস সাত্তারের বাড়িতে সালিস বসে। সালিসে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে দুই পক্ষ লাঠিসোঁটা, টেঁটা, জুইত্যা, দা ও বল্লম নিয়ে পরস্পরকে হামলা করে। সংঘর্ষে উভয় পক্ষে কমপক্ষে ২৫ জন আহত হন। তাঁদের মধ্যে ইব্রাহিম হোসেন, আবু সিদ্দিক ও আবদুল বারেককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।