আড়াইহাজারে দুই বাড়িতে ডাকাতি
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গত শনিবার দুই বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় চারজন আহত হয়েছে। এ ছাড়া ডাকাতেরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করেছে। উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগুয়ান্দী ও শালমদী গ্রামে এ ঘটনা ঘটে। আহত আগুয়ান্দী গ্রামের নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, শনিবার রাতে ২০-২৫ জনের একদল মুখোশধারী ডাকাত তাঁর ঘরের বারান্দার গ্রিল কেটে ভেতরে ঢুকে। ডাকাতেরা তাঁকেসহ তাঁর ছোট ভাই সিরাজুল ইসলাম ও চাচাতো ভাই জব্বর আলীকে দা ও চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় ডাকাতেরা তিন লাখ ২০ হাজার টাকা, সাত ভরি স্বর্ণালংকার, তিনটি মুঠোফোনসেটসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে একই রাতে শালমদী গ্রামে মো. আলমের বাড়িতে ডাকাতেরা হামলা চালায়। তারা টিনসেট বিল্ডিংয়ের কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা প্রায় ১২ ভরি ওজনের স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। বাধা দিলে ডাকাতেরা গৃহকর্তা আলমকে কুপিয়ে জখম করে।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. গিয়াসউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।