প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি কৃষিজমি থেকে বুদ্বুদ আকারে গ্যাস উঠছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। তবে বিষয়টি পরীক্ষা করে দেখার জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বাপেক্স) অবহিত করেছে স্থানীয় প্রশাসন।এলাকাবাসী জানান, উপজেলার সাতগ্রাম ইউনিয়নের চারগাঁও গ্রামের হালদা বিল এলাকার একটি ধানখেতে দুই দিন ধরে মাটির নিচ থেকে বুদ্বুদ আকারে গ্যাস বের হচ্ছে। গতকাল শুক্রবার লোকজন সেখানে দেশলাই দিয়ে আগুন ধরিয়ে দিলে তা জ্বলে ওঠে। আগুন পাঁচ-সাত ফুট ওপরে উঠে যায়। পরে লোকজন আতঙ্কে মাটিচাপা দিয়ে আগুন নেভায়। এরপর গ্যাসকূপের সন্ধান পাওয়া গেছে—এমন খবর এলাকা ছড়িয়ে পড়লে শত শত মানুষ সেখানে ভিড় জমায়।আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারোয়ার হোসেন জানান, বিষয়টি বাপেক্সকে জানানো হয়েছে। তারা এসে পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে।