নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সালমী এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে নছিমনের ধাক্কায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সকালে রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় পোশাক কারখানার শ্রমিকবাহী একটি বাস খাদে পড়ে ১৫ জন শ্রমিক আহত হন। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকেরা পাশের একটি কারখানা ও কয়েকটি যানবাহন ভাঙচুর করেন।
আড়াইহাজারে নিহত মাসুমা আক্তার (১১) মাহমুদপুর ইউনিয়নের সালমী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। সে গহরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে পড়ত।
এলাকাবাসীর বরাত দিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর জানান, বেলা একটার দিকে সালমী এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি নছিমন স্কুলছাত্রী মাসুমাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকার লোকজন নছিমনটিকে আটক করলেও চালক পালিয়ে যান।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সাতটার দিকে রূপগঞ্জের রপ্তানিমুখী পোশাক কারখানার অন্তিম নিটিং অ্যান্ড গার্মেন্টসের শ্রমিকবাহী একটি বাস ঢাকা-সিলেট মহাসড়কের মৈকুলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ওই পোশাক কারখানার ১৫ শ্রমিক আহত হন। আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর গুজবে অন্তিম নিটিংয়ের শ্রমিকেরা রাস্তায় নেমে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। এতে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ১০ মিনিট যানবাহন চলাচল বন্ধ থাকে। শ্রমিকেরা পাশের অলটেক্স মিল পোশাক কারখানা ভাঙচুর করেন। পরে ওই কারখানার শ্রমিকেরা অন্তিমের শ্রমিকদের ধাওয়া দেন। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রূপগঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, আহত শ্রমিকদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।