আড়াইহাজারে নিখোঁজ সেই এসআইয়ের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মেঘনা নদীতে নিখোঁজ পুলিশের উপপরিদর্শক (এসআই) নাসির সিরাজীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার খাগকান্দা ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকা থেকে নদীতে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার রাতে উপজেলার দুর্গম চরাঞ্চল কালাপাহাড়িয়া এলাকায় গ্রেপ্তার করা আসামি ছিনিয়ে নিতে একদল দুর্বৃত্ত পুলিশের ট্রলারে হামলা চালায়। এতে দুই এসআইসহ পুলিশের চারজন সদস্য আহত হন। নিখোঁজ হন এসআই নাসির সিরাজী। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিখোঁজ এসআইয়ের খোঁজে পুলিশ ট্রলার নিয়ে গতকাল ভোর থেকে নদীতে টহল দিতে থাকে। এ ছাড়া ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দলও নদীতে তল্লাশি চালায়। এরই মধ্যে দুপুর আড়াইটার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের দক্ষিণ নয়াপাড়া এলাকায় মেঘনা নদীতে নাসির সিরাজীর লাশ ভেসে ওঠে। লাশের সঙ্গে অস্ত্র ও গুলি পাওয়া গেছে।লাশ উদ্ধার করে খাগকান্দা পুলিশ ফাঁড়িতে নিয়ে গেলে নাসির সিরাজীর স্ত্রী, ছেলেমেয়ে ও স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এসআইয়ের স্ত্রী কোহিনুর সিরাজী বলেছেন, ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের বক্তব্য সন্দেহজনক। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বলেছেন, ‘আমার স্বামী গ্রামবাসীর হামলার শিকার হয়ে মেঘনা নদীতে পড়েননি। তাঁকে তাঁর সহযোগী পুলিশ ও তাঁদের সঙ্গে থাকা লোকজন হত্যা করে থাকতে পারেন।’নাসির সিরাজীর মেয়ে নাহিদা সুলতানা বলেন, জীবিত থাকতে তাঁর বাবা আশঙ্কা প্রকাশ করেছিলেন, তাঁর কিছু সহকর্মী ও লাল মিয়া হত্যা মামলার বাদীপক্ষ তাঁর ওপর ক্ষুব্ধ। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম জানান, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে থানার এসআই মো. আহসান বাদী হয়ে শুক্রবার রাতে মামলা করেছেন। এতে কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ফাইজুল হক ডালিম ও গ্রেপ্তার হওয়া চার ব্যক্তিসহ ৪৪ জনকে আসামি করা হয়েছে। এসআই মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, কালাপাহাড়িয়া কদমীর চর এলাকায় গত বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে লাল মিয়া হত্যা মামলার আসামিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের নিয়ে ট্রলারযোগে ফেরার পথে মেঘনা নদীর কালাপাহাড়িয়া এলাকায় আসামি পক্ষের ৪০-৫০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের চারজন সদস্য আহত হন। এ সময় ট্রলার থেকে পড়ে নিখোঁজ হন এসআই নাসির সিরাজী।