নারায়ণগঞ্জের আড়াইহাজারে নৌকাবাইচকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। গত রোববার বিকেল চারটার দিকে উপজেলার পাঁচরুখী এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রোববার বিকেলে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী বাজার বণিক সমিতি নৌকাবাইচের আয়োজন করে। এতে পাঁচরুখী, বান্টি ও নতুন বান্টি গ্রামের নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় বান্টি গ্রাম প্রথম হয়। কিন্তু পাঁচরুখীর লোকজন অভিযোগ করে, বান্টি গ্রামের নৌকাটি শুরুর সংকেত উপেক্ষা করে আগেই ছেড়েছিল। এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা স্থানীয় সাংসদ নজরুল ইসলামও তাঁদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। পরিস্থিতির অবনতি হলে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। সংঘর্ষে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের আঘাতে দুই পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। দুই পক্ষের লোকজন পাঁচরুখী ব্রিজ এলাকায় লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেওয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে মহাসড়কে যান চলাচল শুরু হয়। পুলিশ সুপার শেখ নাজমুল আলম জানান, দুই পক্ষের হাজার হাজার লোক মহাসড়কে মারমুখী অবস্থান নেওয়ায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। তবে এখনো কোনো পক্ষই মামলা করেনি বলে তিনি জানান।