আড়াইহাজারে পৃথক সংঘর্ষে সাতজন আহত হামলা ও ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গতকাল রোববার পৃথক সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। এ সময় বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। আহত ব্যক্তিদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী জানান, আড়াইহাজারের বিশ্বনন্দী ইউনিয়নের বিশনন্দী গ্রামের আবদুল মান্নানের ছেলে হালিম (৪০) ও তাঁর ছোট ভাই ডালিমের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল সকালে ডালিমের শ্যালক জামালকে ধাওয়া করে হালিমের লোকজন। পরে ডালিমের লোকজন ধারালো অস্ত্র নিয়ে হালিমের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় তারা পরস্পরের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। সংঘর্ষে হালিম, সোহরাব (৩৫), রোখসানা (২০), পারভীন (৩৫) ও জামাল (২৩) আহত হয়েছেন। স্থানীয় লোকজন জানান, উপজেলার হাইজাদি ইউনিয়নের বল্লভদি গ্রামের নূরে আলম ও আজগর আলীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল বেলা ১১টার দিকে নূরে আলম (৩২) ও তাঁর আত্মীয় শাহ্ আলম (৩০) সিংহীবাজারে যাওয়ার সময় আজগর আলী ও তাঁর লোকজন তাঁদের ওপর হামলা চালান। তাঁদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে দুজনই গুরুতর আহত হয়েছেন। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম হামলার ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।