আড়াইহাজারে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার উপজেলার খাগকান্দা ইউনিয়নের পাকুয়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম আমেনা বেগম (৪০)। তিনি ওই এলাকার জাবেদ আলীর স্ত্রী। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির জমি নিয়ে পাকুয়াকান্দা এলাকার জবেদ আলীর সঙ্গে প্রতিবেশী আবুল হোসেন ও হান্নানের বিরোধ চলছে। এর জের ধরে গতকাল বিকেলে হান্নান, আবুল হোসেনের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী জবেদ আলীর বাড়িতে হামলা চালায়। এ সময় তারা আমেনা বেগমকে লাঠি দিয়ে পিটিয়ে এবং দা কুপিয়ে হত্যা করে। আমেনাকে বাঁচাতে গিয়ে আবদুল মালেক (৬৫), সোহেল (২০), মুকবুল (৪৫), শেখ আহমদসহ (৫০) ছয়জন লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একই এলাকার গাফফারকে আটক করেছে।