আড়াইহাজারে প্রতিপক্ষের হামলায় সাতজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়াইহাজার উপজেলার ছোট মনোহরদী গ্রামে গতকাল রোববার দুপুরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সাতজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।জানা গেছে, উপজেলার ছোট মনোহরদী গ্রামের ইসমাইল ও ফিরোজের সঙ্গে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল দুপুর একটায় ফিরোজের লোকজন ইসমাইলের জমিতে ঘর তুলতে যায়। এ সময় বাধা দিলে ফিরোজের লোকজন লাঠিসোঁটা, দা, কুড়াল, চাপাতি, জুইত্যা, হকিস্টিক নিয়ে হামলা চালায়। হামলায় আহত হন ইসমাইল (৭০), রেজ্জাক (৫০), রোজিনা (২০), সাইফুল (১৮), মোসলেমা (১৮), ইদ্রিস আলী (৬৫) ও সূচনা (৭)। আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।