আড়াইহাজারে বখাটেদের হামলায় ১০ শিক্ষার্থী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গতকাল শনিবার এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটে যুবকদের হামলায় কমপক্ষে ১০ জন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে উপজেলার শহীদ মঞ্জু স্টেডিয়ামে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুচকাওয়াজসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নেয় আড়াইহাজার পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ওই উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদি এলাকার ডালিম নামে এক বখাটে যুবক বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে। এ ঘটনার প্রতিবাদ করে বিদ্যালয়ের অন্য ছাত্ররা। পরে ডালিমের নেতৃত্বে ১৫/২০ জনের একদল বখাটে বিদ্যালয়ের ছাত্রদের ওপর হামলা চালায়। হামলায় আড়াইহাজার পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মো. জাহিদুল ইসলাম, মো. সানবীম, জুয়েল, কাউসার, সাইদুল, আলালসহ ১০ জন আহত হয়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হামলাকারীরা বখাটে। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। দুই পক্ষ বিষয়টি মীমাংসার চেষ্টা করছে।