আড়াইহাজারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় শিউলি আক্তার নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শিউলি উপজেলার খাগকান্দা এলাকার বাসিন্দা বিল্লাল হোসেনের স্ত্রী। শিউলির মৃত্যুর পর স্থানীয় জনতা বিক্ষোভ করেছে।বিল্লাল হোসেনের ভাষ্যমতে, গত রোববার বিকেলে শিউলির প্রসব বেদনা উঠলে তাঁকে উপজেলা সদরে অবস্থিত খাজা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বিকেলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক আতাউর রহমান শিউলিকে অস্ত্রোপচারের কক্ষে নিয়ে এনেসথেসিয়া ইনজেকশন পুশ করেন। এরপরই তাঁর অবস্থার অবনতি ঘটে। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা হন তাঁরা। পথে শিউলির মৃত্যু হয়। ঘটনার পর থেকে হাসপাতালের লোকজন পলাতক।প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, এই ঘটনায় রাতেই বিক্ষুব্ধ জনতা হাসপাতালের সামনে বিক্ষোভ করে। একপর্যায়ে তারা হাসপাতাল ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার করে চিকিৎসক আতাউর রহমান প্রথম আলোকে বলেন, রোগীকে কোনো ইনজেকশন পুশ করা হয়নি। অস্ত্রোপচারকক্ষে বৈদ্যুতিক বাতির আলো দেখে তিনি হূদেরাগে আক্রান্ত হয়ে মারা গেছেন।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম বলেন, রোগীর মৃত্যুর বিষয়ে পরস্পরবিরোধী অভিযোগ রয়েছে। এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, তাঁরা অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।