আড়াইহাজারে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজারে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকায় গতকাল বুধবার সকালে ওই দুর্ঘটনা ঘটে। এতে চারজন আহত হন। তাঁদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম জানান, বুধবার বেলা ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকায় নরসিংদীগামী পাটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন মাইক্রোবাসের চালক আবদুস সোবহান (৪০) ও যাত্রী আমিনুল হক (৩৮)। আহত হন মাইক্রোবাসে থাকা অপর চার যাত্রী। আহত যাত্রীদের গুরুতর অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নরসিংদী হাসপাতালে পাঠানো হয়েছে। মাইক্রোবাসটি মতিঝিল হকার্স সমিতির জরুরি সংবাদপত্র পরিবহনের কাজে ব্যবহার করা হতো। মাইক্রোবাসের চালক আবদুস সোবহান ঢাকার ১০ রাজউক এভিনিউ মতিঝিলে থাকতেন। অপর যাত্রী আমিনুল হক কিশোরগঞ্জ জেলার আবদুল হক খানের ছেলে। আহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।