আড়াইহাজারে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাটি কাটাকে কেন্দ্র করে গতকাল শনিবার দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী গ্রামের আফসারউদ্দিন ভূঁইয়া বাড়ি থেকে একই গ্রামের খানবাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার কাঁচা সড়কে মাটি ভরাটের জন্য ঠিকাদার ইসহাক মিয়াকে উপজেলা পরিষদ থেকে কাজ দেওয়া হয়। গতকাল সকালে ইসহাকের লোকজন রাস্তার পাশের খেত থেকে মাটি কেটে সড়ক ভরাট করতে গেলে বাধা দেন একই এলাকার শাহাদাত উল্লাহ। এ সময় ঠিকাদার ইসহাকের সঙ্গে শাহাদাতের বাগিবতণ্ডা হয়। এ নিয়ে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আহতদের মধ্যে আলাউদ্দিন ও আমির হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শাহাদাত উল্লাহ বলেন, অন্যের খেতের চেয়ে তাঁর খেত থেকে বেশি মাটি কাটা হচ্ছিল। এ কারণে সংঘর্ষের ঘটনা ঘটে।অন্যদিকে ইসহাক বলেন, সড়কের পাশের খেত থেকে মাটি কাটতে গেলে শাহাদাত ও তাঁর লোকজন তাঁদের ওপর হামলা চালায়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেননি।