আড়াইহাজারে মাদ্রাসার ছাত্রকে নির্মম নির্যাতন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক মাদ্রাসাছাত্রকে হাত-পা বেঁধে রড দিয়ে পিটিয়ে আহত করেছেন এক শিক্ষক। গুরুতর অসুস্থ অবস্থায় ওই ছাত্রকে আড়াইহাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নির্যাতনের শিকার ছাত্রের নাম হাফেজ আবু সহিদ। চিকিৎসাধীন অবস্থায় আবু সহিদ বলেন, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র রিফাতের ব্যাগ থেকে গত মঙ্গলবার দুপুরে ৭০০ টাকা খোয়া যায়। রিফাত এ কথা তাঁর শিক্ষক হাফেজ রমজান আলীকে জানান। এরপর রমজান আলী সন্দেহবশত তাঁকে (আবু সহিদ) ডেকে নেন। পরে মাদ্রাসার একটি কক্ষে নিয়ে অন্য দুই ছাত্রের সহযোগিতায় তাঁর হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলেন রমজান আলী। এ সময় কক্ষের দরজা বন্ধ করে রড ও লাঠি দিয়ে তাঁর হাত-পা ও কোমরে বেধড়ক পেটানো হয়। এভাবে তাঁকে তিন ঘণ্টা নির্যাতন করা হয়। তাঁর অবস্থার অবনতি ঘটলে রমজান আলী ও ওই দুই ছাত্র পালিয়ে যান। পরে তাঁর গোঙানি শুনে অন্য ছাত্ররা দরজা খুলে তাঁকে উদ্ধার করে বাড়িতে পাঠান। বুধবার বিকেলে এলাকাবাসীর সহযোগিতায় তাঁকে আড়াইহাজার এ টু জেড হাসপাতালে ভর্তি করা হয়।
শিক্ষক রমজান আলী মুঠোফোনে বলেন, ‘আমি ওই ছাত্রকে ১৫টি আঘাত করেছি। ঘটনার সময় আমার মাথা ঠিক ছিল না। আমার অপরাধ হয়ে গেছে।’
শালমদী ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি দুঃখজনক। স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিষয়টি মীমাংসা করে দেওয়ার কথা।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।