আড়াইহাজারে শিল্পপতির বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার-টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গত বুধবার গভীর রাতে শিল্পপতি দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা পরিবারের এক শিশুকে অস্ত্রের মুখে জিম্মি করে ৭৫ ভরি স্বর্ণালংকার, নয় লাখ ২০ হাজার টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। ডাকাতদের হামলায় চারজন গুরুতর আহত হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার বিষনন্দী গ্রামে একই বাড়ির দুই ফ্ল্যাটে থাকেন টেক্সটাইল মিলের মালিক দুই ভাই আবদুল কাদের ও আবদুর রহিম। বুধবার দিবাগত রাত তিনটায় একদল ডাকাত কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। তারা আবদুল কাদেরের পাঁচ বছরের মেয়ে অর্পিতাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর ডাকাতেরা আবদুল কাদেরের ঘর থেকে ৫০ ভরি স্বর্ণালংকার, চার লাখ ৭০ হাজার টাকা, দুটি মুঠোফোনসহ মূল্যবান মালামাল এবং আবদুর রহিমের ঘর থেকে ২৫ ভরি স্বর্ণালংকার, সাড়ে চার লাখ টাকা, তিনটি মুঠোফোন লুট করে নিয়ে যায়। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আবদুল কাদের, আবদুর রহিম ও তাঁর স্ত্রী আসমা, ফাতেমা গুরুতর আহত হন। ডাকাতেরা বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।