আড়াইহাজারে শিশু অপহরণের পর মুক্তিপণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চার বছরের এক শিশুকে অপহরণ করে তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে শিশুটিকে অপহরণ করার পর বুধবার বিকেল পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ।শিশুটির পরিবারের বরাত দিয়ে আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, জালাকান্দী গ্রামের জীবন মিয়ার বাড়ির পাশে রাবেয়া বেগমের বাড়িতে ভাড়া থাকতেন চাঁপাইনবাবগঞ্জের চরশেক আলী বাবনপাড়া গ্রামের রাজমিস্ত্রি ওমর ফারুক ও ফটিক মিয়া। প্রতিবেশী হওয়ার কারণে জীবন মিয়ার বাড়িতে তাঁদের যাতায়াত ছিল। সোমবার দুপুরে ওমর ফারুক ও ফটিক মিয়া জীবনের বাড়িতে গিয়ে শিশুকে আদর করার কথা বলে বাড়ির বাইরে নিয়ে যান। এর পর থেকে শিশুটি নিখোঁজ রয়েছে। এ ঘটনায় জীবন মিয়া থানায় একটি সাধারণ ডায়েরিও করেন।এক দিন পর মঙ্গলবার দুপুরে জীবন মিয়ার মুঠোফোনে শিশু জিহাদের মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। অন্যথায় শিশুটিকে হত্যার পর লাশ পাঠিয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। অপহরণকারীরা মুঠোফোনে জানান, মুক্তিপণের টাকা বিকাশের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হলে শিশু জিহাদ কোথায় রয়েছে জানানো হবে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম জানান, অপহরণকারী সন্দেহে হাসান নামের একজনকে আটক করা হয়েছে।