আড়াইহাজারে শিশুর লাশ উদ্ধার, গাছ থেকে পড়ে একজনের মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের সুলতানদী গ্রাম থেকে পুলিশ গত শনিবার রাতে ইরফান নামের নয় বছরের একটি শিশুর লাশ উদ্ধার করেছে। পরিবারের দাবি, সে আত্মহত্যা করেছে। তবে এলাকাবাসী বলছে, শিশুটির মৃত্যু রহস্যজনক। এদিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে গাছ থেকে পড়ে ইসলাম মিয়া (৫০) নামের এক ব্যক্তি মারা গেছেন। তাঁর বাড়ি নরসিংদী সদর উপজেলার দোস্তরদী গ্রামে।ইরফানের বাবা ইউনুস মোল্লা জানান, ইরফান শনিবার দুপুরে ঘরের আড়ার সঙ্গে দড়ি ঝুলিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ সময় বাড়িতে কেউ ছিল না। স্থানীয় লোকজন জানান, ইরফান দুপুরের দিকে মারা গেলেও বিষয়টি তার মা-বাবা রাত পর্যন্ত গোপন রেখেছিলেন। পরে এলাকাবাসীর সন্দেহ হলে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।এলাকাবাসী জানান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাখাওয়াত হোসেন গতকাল তাঁর কার্যালয়ের গাছ থেকে তাল পাড়ার জন্য ইসলাম মিয়াকে গাছে ওঠান। ইসলাম গাছে ওঠার পর হঠাৎ নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।