আড়াইহাজারে সংঘর্ষে নিহত ১, একজনের হাতের কবজি কর্তন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গতকাল শনিবার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে প্রায় অর্ধশত। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষ চলাকালে ১০-১২টি বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। মেলায় কিশোরদের আয়োজন করা লটারিতে ডিম দেওয়া না-দেওয়া নিয়ে এই সংঘর্ষ বাধে বলে জানা গেছে। ১০টি ফাঁকা গুলি ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার দুর্গম কালাপাহাড়িয়া ইউনিয়নের নতুনবাজার এলাকায় ঈমান ফকিরের বাৎসরিক ওরস উপলক্ষে মেলার আয়োজন করা হয়। মেলায় কিশোরেরা লটারির আয়োজন করে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে লটারিতে ডিম পায় এক কিশোর। লটারির ডিম তাকে না দেওয়ায় হাজীরটেক ও কালাপাহাড়িয়া গ্রামের দুই কিশোরের মধ্যে বাগিবতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুপুর ১২টার দিকে দুই গ্রামের কয়েক শ মানুষ ধারালো অস্ত্র, টেঁটা, জুইত্যা, দা, বল্লম নিয়ে একে অন্যের ওপর ঝাঁপিয়ে পড়ে।সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে কালাপাহাড়িয়া গ্রামের জয়নাল মিয়া (৫০) ঘটনাস্থলে নিহত হন। হাজীরটেক গ্রামের সাইদুলের ডান হাতের কবজি কেটে ফেলে কালাপাহাড়িয়ার লোকজন। সন্ধ্যায় শেখেরটেক বাজারের একটি দোকানের চালের ওপর থেকে ওই কবজি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে টেঁটাবিদ্ধ হাজীরটেক গ্রামের হাশেম, আবদুল আলী ও শাহীন, কালাপাহাড়িয়া এলাকার রূপ মিয়া ও ইব্রাহিমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ১০-১২টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।খবর পেয়ে দুপুর একটার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা কয়েক দফা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। বিকেল সাড়ে চারটার দিকে অতিরিক্ত পুলিশ আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা ১০টি শটগানের ফাঁকা গুলি ছোড়ে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম জানান, সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের ১০টি ফাঁকা গুলি ছোড়া হয়েছে।