আড়াইহাজারে স্কুলছাত্রীকে পিটিয়েছে বখাটেরা
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এক স্কুলছাত্রীকে পিটিয়ে আহত করেছে বখাটেরা। উচিতপুরা ইউনিয়নের শ্রীপতিচর গ্রামে গত সোমবার এ ঘটনা ঘটলেও গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত কোনো মামলা নেওয়া হয়নি।স্কুলছাত্রীর পরিবারের অভিযোগ, বিষয়টি সামাজিকভাবে মীমাংসার কথা বলে প্রভাবশালীরা দোষীদের বাঁচানোর চেষ্টা করছেন। তাদের মামলা করতে দেওয়া হচ্ছে না। মেয়েটি বর্তমানে উপজেলা সদরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন। আহত ছাত্রীর বড় ভাই জানিয়েছেন, কয়েক দিন ধরে তাঁর বোনকে স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করছিলেন শ্রীপতিচর গ্রামের স্বপন মিয়া (২০)। সোমবার সকালে স্বপন মিয়া উত্ত্যক্ত করতে এলে তাঁর বোন প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে স্বপন তাঁর সহযোগীদের নিয়ে তাঁকে লাঠি দিয়ে বেধড়ক পেটান। স্থানীয় লোকজন তাঁর বোনকে উদ্ধার করে ক্লিনিকে ভর্তি করে।ছাত্রীর বড়ভাই জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তবে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম বলেছেন, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেননি।উচিতপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন বলেছেন, তিনি নিজে এবং ওসি ঘটনার দিনই ক্লিনিকে গিয়ে মেয়েটিকে দেখে এসেছেন। বখাটেদের সামাজিকভাবে বিচার করা হবে বলে তিনি জানান।