আড়াইহাজারে স্কুলের বই বিতরণ অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। গতকাল শনিবার রাইনাদী কলাগাছিয়া উচ্চবিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বই বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। আহত ব্যক্তিদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রগুলো জানায়, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহ আলমের নেতৃত্বে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বই্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে অনুষ্ঠান শুরু হলে স্থানীয় মো. আলেকের নেতৃত্বে কয়েকজন সেখানে উপস্থিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন। উভয় পক্ষের কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে চেয়ার-টেবিল ও অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুর করা হয়। চলে পাল্টাপাল্টি ধাওয়া। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় মো. শাহজাহানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আলেক (৪০), রিপন (২২), ছানাউল্লাহ (২০), আওলাদ (২৬), মাকসুদা (৩০), সেলিম (১৮), জসিম (২৬), আলম (১৬), রফিক (৩৫) ও মোস্তফাকে (৫০) আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন।