আড়াইহাজারে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গতকাল শনিবার সামসুন্নাহার (৬৫) নামের এক বৃদ্ধাকে তাঁর স্বামী কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী সিরাজুল ইসলামকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, দুদিন আগে উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের লস্করদী এলাকার সিরাজুল ইসলামের সঙ্গে তাঁর স্ত্রী সামসুন্নাহারের বাগিবতণ্ডা হয়।
এ ঘটনার জের ধরে গতকাল সকালে সিরাজুল ঘুমের মধ্যে সামসুন্নাহারকে কুড়াল দিয়ে কোপান এবং ইট দিয়ে আঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সিরাজুলকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় কুড়াল ও ইট উদ্ধার করেছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।