আড়াইহাজারে স্বর্ণের দোকানে ডাকাতি
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গোপালনাথ জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। ডাকাতেরা স্বর্ণ, রুপা ও টাকাসহ প্রায় ৪৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দোকান কর্তৃপক্ষ দাবি করেছে। জানা গেছে, রোববার রাত দেড়টায় কালাপাহাড়িয়া এলাকার গোপালনাথ জুয়েলার্সে ৩০-৩৫ জন ডাকাত হানা দেয়। তারা দোকানের দরজা ভেঙে ভেতরে ঢুকে দোকানের কর্মচারী কৃষ্ণ (৩০), পশু চিকিৎসক বাবুল ঘোষ (৪২) ও চন্দন ঘোষের (৩০) হাত-পা রশি দিয়ে বেঁধে লোহার রড দিয়ে পেটায়। এতে তাঁরা তিনজনই গুরুতর আহত হন। ডাকাতেরা দোকানে থাকা লোহার সিন্দুক ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তারা সিন্দুকটি নিয়ে ট্রলারযোগে মেঘনা নদী দিয়ে পালিয়ে যায়। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।দোকানের মালিক রাধা দেবনাথ দাবি করেন, সিন্দুকের ভেতরে ৮০ ভরি স্বর্ণ, এক হাজার ভরি রুপা ও পাঁচ লাখ ২৫ হাজার টাকা, তিনটি মুঠোফোনসহ মোট ৪৫ লাখ টাকার মালামাল ছিল। আড়াইহাজার থানার সহকারী পরিদর্শক (এসআই) আশরাফ বলেছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।