আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫
ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকায় প্রাইভেট কার ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন পাঁচজন। নিহত ব্যক্তির নাম মো. মাসুদ (৩০)। তিনি নরসিংদীর শিবপুর এলাকার বাসিন্দা। গতকাল সোমবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টায় উপজেলার পাঁচরুখী এলাকায় প্রাইভেট কার নরসিংদী থেকে ঢাকা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। প্রাইভেট কারের যাত্রী মাসুদসহ ছয়জন গুরুতর আহত হন। তাঁদের লোকজন উদ্ধার করে ভুলতার মেমোরী হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকি ৎ সাধীন অবস্থায় বিকেলে প্রাইভেট কারের যাত্রী মাসুদের মৃত্যু হয়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে।