নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকসহ ১০২ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। শিক্ষকসংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার দুটি পৌরসভা ও ১০টি ইউনিয়নে ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রাক-প্রাথমিক শ্রেণিসহ পঞ্চম শ্রেণি পর্যন্ত ৫২ হাজার শিক্ষার্থী রয়েছে। শিক্ষকের পদ আছে ৫৩৯টি। এর মধ্যে ৩৭টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক এবং ৬৫টিতে সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে।
পূর্বকান্দা আমির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল বাতেন শিকদার প্রথম আলোকে বলেন, ‘আমাদের বিদ্যালয়ে পাঁচ শতাধিক শিক্ষার্থী রয়েছে। শিক্ষকের পদ রয়েছে সাতটি। কিন্তু আমিসহ শিক্ষক মাত্র চারজন। প্রধান শিক্ষক না থাকায় আমাকে পাঠদানসহ দাপ্তরিক সব কাজকর্ম করতে হচ্ছে। এতে পাঠদান ব্যাহত হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
শম্ভুপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিন বলেন, ‘আমাদের বিদ্যালয়ে ৬৮১ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষকের পদ ১১টি। তবে কর্মরত আছেন নয়জন। মাসিক সভায় শিক্ষকসংকটের কথা বলে আসছি। কিন্তু কোনো কাজ হয়নি।’
ইজারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হামিদ বলেন, ‘আমাদের বিদ্যালয়ে এ বছর ৫৯৮ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষকের পদ আছে সাতটি। এর মধ্যে শিক্ষক রয়েছেন পাঁচজন। এতে পাঠদান বিঘ্নিত হয়।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা রাফেজা খাতুন বলেন, বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর বিপরীতে শিক্ষকসংকটের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কয়েকবার জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেন বলেন, ‘শিক্ষকসংকট একটি জাতীয় সমস্যা। আড়াইহাজারেও প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকসংকট রয়েছে। সমন্বয় সভায় শিক্ষকসংকটের বিষয়টি আমি জানিয়েছি।’