আড়ানী রেলস্টেশনে যাত্রীদের ভাঙচুর, অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর আড়ানী রেলস্টেশনে দুটি ট্রেন পারাপারে অতিরিক্ত বিলম্বের কারণে গত শনিবার গভীর রাতে বিক্ষুব্ধ যাত্রীরা ট্রেন, স্টেশনমাস্টারের কার্যালয় ও প্লাটফর্মের দোকানপাটে ভাঙচুর চালিয়েছে। তারা স্টেশনমাস্টারের কার্যালয়ের নথিপত্রে অগ্নিসংযোগ করে। হামলায় স্টেশনমাস্টারসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।পুলিশ ও স্টেশনমাস্টারের কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত একটার দিকে চিলাহাটি থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা তিতুমীর ট্রেনটি প্রায় ৭৫০ জন যাত্রী নিয়ে আড়ানী স্টেশনে পৌঁছে। এ সময় রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় ধূমকেতু নামের একটি যাত্রীবাহী ট্রেন। ধূমকেতুকে পার করার জন্য তিতুমীরকে আড়ানী স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়। দীর্ঘক্ষণ পর যাত্রীরা জানতে পারে, ধূমকেতুকে পার করার জন্য আড়ানীতে তিতুমীরের স্টপেজ দেওয়া হয়েছে। এত আগে থেকেই স্টপেজ দেওয়ায় তিতুমীরের বিক্ষুব্ধ যাত্রীরা ট্রেনের জানালার কাচ ভাঙচুর করে। পরে তারা স্টেশনমাস্টারের কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার-টেবিল, দরজা-জানালা ভাঙচুর করে। তারা কার্যালয়ের কাগজপত্র এবং ভাঙচুর করা টেবিল-চেয়ার ও দরজায় আগুন ধরিয়ে দেয়। বিক্ষুব্ধ লোকজন প্লাটফর্মের দুটি দোকানেও ভাঙচুর করে। এ সময় ওই দুটি দোকানের মালামাল লুটপাটের ঘটনাও ঘটে।যাত্রীদের মারপিটে স্টেশনমাস্টার আনিমুল ইসলাম, পয়েন্টসম্যান আবদুল মালেক, সোহরাব আলী, কুলি হোসেন সরদার ও দোকানদার আমিরুল ইসলামসহ অন্তত ১০ জন আহত হয়।স্টেশনমাস্টার আনিমুল ইসলাম বলেন, সোয়া ১১টায় রাজশাহী থেকে ধূমকেতু ছেড়ে আসে। পৌনে এক ঘণ্টার মধ্যেই সেটি আড়ানী স্টেশন ছেড়ে যায়। আবার তিতুমীরেরও বিলম্ব না হলে ধূমকেতু রাজশাহী থেকে ছাড়ার আগেই তিতুমীর রাজশাহী স্টেশনে ঢুকে যায়। কিন্তু শনিবার রাতে উভয় ট্রেনেরই বিলম্ব ছিল। এ জন্য কর্তৃপক্ষের নির্দেশে তিতুমীরকে আড়ানীতে দাঁড় করানো হয়। তিনি বলেন, এ ব্যাপারে ঈশ্বরদী জিআরপি থানার পুলিশ এসে তদন্ত করে গেছে। আগামীকাল (আজ) তিনি (স্টেশনমাস্টার) এ ঘটনায় মামলা করবেন।বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে রাত সোয়া তিনটার দিকে তিনি ঘটনাস্থলে যান। রাত চারটার দিকে ট্রেন চলাচল শুরু হয়। রেলওয়ে পুলিশও খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।