আড়িয়ল বিল রক্ষা কমিটির আরও দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে গত সোমবারের সহিংস বিক্ষোভের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে আড়িয়ল বিল রক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক আবদুল জলিল মাস্টারকে এবং বুধবার রাতে গাজীপুর জেলার টঙ্গী আউচপাড়া থেকে কমিটির সদস্য ইলিয়াস হোসেনকে গ্রেপ্তার করা হয়।শ্রীনগর থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের শ্রীনগর থানায় নেওয়া হয়েছে। তাঁরা পুলিশের করা তিনটি মামলারই আসামি। এই নিয়ে ঢাকা-মাওয়া মহাসড়কে সহিংস বিক্ষোভের ঘটনায় মোট ২২ জনকে গ্রেপ্তার করা হলো। এঁদের মধ্যে সাতজনকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ ছাড়া ওই দিন পুলিশের লুট হওয়া আরেকটি শটগান বুধবার রাতে হাসাড়া ফুটবল মাঠ থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ নিয়ে দুটি শটগান উদ্ধার হলো। ওই দিন পুলিশের তিনটি শটগান ও একটি গ্যাসগান (কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপকারী) লুট হয়। এদিকে পুলিশের হয়রানি ও গ্রামবাসীর বিরুদ্ধে করা মামলা তিনটি প্রত্যাহারের দাবিতে গতকাল বৃহস্পতিবার নবাবগঞ্জ উপজেলার মুন্সিনগর ও বাড়ৈখালী গ্রামে কয়েক শ নারী-পুরুষ বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে সমাবেশে বক্তারা আড়িয়াল বিল রক্ষা কমিটির নেতারাসহ গ্রামবাসীর বিরুদ্ধে করা তিনটি মামলা প্রত্যাহার ও পুলিশের হয়রানি বন্ধ করার দাবি জানান। মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন বলেন, সরকার আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে গেলেও পুলিশের হয়রানি বন্ধ হয়নি। তাই এলাকাবাসী উদ্বেগ-উৎকণ্ঠায় নির্ঘুম রাত কাটাচ্ছে। স্থানীয়রা জানান, শ্রীনগর উপজেলার হাসাড়া, শ্রীধরপুর, আলমপুর, লস্করপুর, বাড়ৈখালী, মদনখালী, খার্হা ও নবাবগঞ্জ উপজেলার মরিচপট্টি, কালাইমারা, মুন্সিনগর, চুড়াইন, কামারখোলা, শংকরখালী, মোসলেমহাটি ও সোনাতলা গ্রামের লোকজন বুধবার রাতেও পুলিশের সম্ভাব্য অভিযান ঠেকাতে পাহারা দিয়েছে। এর আগে পুলিশের গাড়ি যাতে ঢুকতে না পারে, সে জন্য হাসাড়া থেকে বাড়ৈখালী পর্যন্ত বিভিন্ন সড়কে গ্রামবাসী গাছ ফেলে রাখে। গতকালও এসব গাছ পড়ে থাকতে দেখা গেছে। প্রসঙ্গত, গত সোমবার ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধের সময় গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) নিহত এবং সাংবাদিক, পুলিশ, ম্যাজিস্ট্রেট, গ্রামবাসীসহ শতাধিক ব্যক্তি আহত হন। এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে শ্রীনগর থানায় তিনটি মামলা হয়েছে। প্রত্যেক মামলায় আসামি সাত হাজার জন। পুলিশের ঢাকা অঞ্চলের উপমহাপরিদর্শক (ডিআইজি) আসাদুজ্জামান মিয়া গতকাল শ্রীনগর আসেন। তিনি থানায় পুলিশসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি পুলিশের স্থানীয় কর্মকতাদের উদ্দেশে বলেন, অভিযানে যাতে নিরীহ মানুষ হয়রানির শিকার না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে।