আড়িয়ল বিলে পানি প্রবাহের হালট ভরাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহ্যবাহী আড়িয়ল বিলে পানি প্রবেশের অন্যতম পথ মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কেয়টখালীর হালটটি ভরাট হয়ে যাচ্ছে। আর হালটটি ভরাট করে দখল করছেন স্থানীয় ষোলঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনোয়ার হোসেন। এ ঘটনায় উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর আনোয়ারকে বাধা দিয়ে ভরাট করা মাটি সরানোর আদেশ দিলেও তিনি শুনছেন না। গ্রামবাসী বলছেন, হালটটি পুরোপুরি ভরাট হয়ে গেলে পানির অভাবে কেয়টখালীসহ আশপাশের অনেক গ্রামের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। কমবে ফসল ও মাছের উৎপাদন। গ্রামবাসীর ভাষ্যমতে, যে কয়টি পথ দিয়ে বিশাল আড়িয়ল বিল এলাকায় পানি প্রবেশ করে, তার অন্যতম হলো কেয়টখালী এলাকার এ হালট। এখান দিয়ে পানি ও মাছ চলে যায় কেয়টখালী, উমপাড়া, সাতগাঁও, তিনগাঁও, দয়াহাটা, মাসাকোলা, বীরতারা, ছালেপুর, বেলতলী, সিংপাড়া, নন্দনকোনা, রক্ষিতপাড়া, আরতিপাড়া, নিমতলীসহ অন্তত ২০টি গ্রামের পুকুর ও জলাশয়ে। বর্ষায় এসব এলাকার জমিতে প্রচুর পরিমাণে পলি পড়ে। বোরো মৌসুমে হয় বাম্পার ফলন।কেয়টখালীর এ হালটটি ঢাকা-মাওয়া মহাসড়কের পাশেই অবস্থিত। একটি কালভার্টের নিচ দিয়ে বয়ে গেছে হালটের পানি। কালভার্টের পশ্চিম পাশে আড়িয়ল বিল এলাকা। আর কালভার্ট ও হালটের পাশেই স্থানীয় ষোলঘর ইউপি সদস্য কেয়টখালী এলাকার আনোয়ার হোসেনের জমি। দুই মাস ধরে তিনি তাঁর জমি ভরাটের পাশাপাশি সওজের অধিগ্রহণ করা জায়গায় থাকা হালটটিও ভরাট করছেন। ইতিমধ্যে তিনি প্রায় এক একর জমি ভরাট করে ফেলেছেন।ষোলঘর ইউপির চেয়ারম্যান আবদুস সালাম প্রথম আলোকে বলেন, ‘আনোয়ার কালভার্টের মুখ এবং আমাদের বাপ-দাদার আমলে খনন করা হালটই কেবল ভরাট করেননি, মহাসড়কের পূর্ব পাশে ৮০ থেকে ১৩০ ফুট সওজের অধিগ্রহণ করা জমিও ভরাট করে ফেলছেন। আমরা বলার পরও আমাদের কথা শোনেননি। এ ব্যাপারে প্রশাসনের জরুরি ব্যবস্থা নেওয়া উচিত।’কেয়টখালী এলাকার বাসিন্দা মো. শফিউদ্দিন আহমেদ বলেন, ‘ইউপি সদস্য হয়েই আনোয়ার হোসেনের এমন কাজ এলাকায় বিরূপ প্রভাব সৃষ্টি করেছে। এলাকার মানুষের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। আমাদের বাপ-দাদার সময় থেকে এ হালটটি দেখে আসছিলাম। বর্ষাকালে এ হালট দিয়ে ট্রলারও চলে। গুরুত্বপূর্ণ এ হালটটি ভরাট করায় আমাদের অনেক ক্ষতি হবে। পানি আসতে পারবে না। মাছ আসতে পারবে না। ফসল হবে না। এলাকার লোকজন বেকার হয়ে পড়বে। কারণ এসব এলাকার মানুষের অন্যতম প্রধান পেশা মাছ ধরা ও কৃষিকাজ করা।’ হালট ভরাট ও দখলের ব্যাপারে শ্রীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুবিনা ফেরদৌস বলেন, ‘আমরা বিষয়টি জানার পরে সরেজমিনে গিয়ে হালট ভরাট কার্যক্রমে বাধা দিই। কিন্তু ইউপি সদস্য আনোয়ার হোসেন কোনো কথাই শুনছেন না। এ ব্যাপারে একটি প্রতিবেদন গত ১১ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জমা দিয়েছি।’শ্রীনগরের ইউএনও সালমা আফরোজ বলেন, ‘ইউপি সদস্য আনোয়ারের হালট ভরাট ও দখলের ব্যাপারে প্রতিবেদন পাওয়া গেছে। জমিটি সওজের হওয়ায় এ ব্যাপারে সওজের নির্বাহী প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছি।’সওজের শ্রীনগরের উপসহকারী প্রকৌশলী এ কে এম হামিদুর রহমান বলেন, ‘প্রায় দুই সপ্তাহ আগে ভরাটকাজে বাধা দিয়ে ইউপি সদস্য আনোয়ারকে মাটি সরিয়ে নিতে বলেছি। এ ব্যাপারে শ্রীনগর থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে। কিন্তু আনোয়ার ভরাট করা মাটি সরিয়ে নেননি।’যোগাযোগ করা হলে ইউপি সদস্য আনোয়ার হোসেন হালট ভরাট ও দখলের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘এ বিষয়ে এলাকার কেউ কোনো সমস্যা মনে করছেন না। কালভার্টের মুখও বন্ধ করা হয়নি। এখনো পানিপ্রবাহের জায়গা আছে।’