আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের পক্ষে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়ল বিলে প্রস্তাবিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পক্ষে গতকাল মঙ্গলবার ঢাকা-মাওয়া মহাসড়কের দুই পাশে উপজেলার ছনবাড়ী থেকে কুচিয়ামোড়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ‘সচেতন নাগরিক সমাজ’-এর আয়োজনে এ কর্মসূচিতে নারী ও শিশুসহ কয়েক হাজার মানুষ অংশ নেয়। এ সময় দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বেলা সাড়ে ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত চলে এ কর্মসূচি। বেলা ১১টার দিকে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি ও শ্রীনগর-সিরাজদিখানের সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ এ কর্মসূচিতে এসে সংহতি প্রকাশ করেন। পরে বেলা একটার দিকে উপজেলার ছনবাড়ী তিন রাস্তা মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রতিমন্ত্রী বলেন, আড়িয়ল বিলে বিমানবন্দর ও বঙ্গবন্ধু সিটি নির্মাণ করা হলে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত হবে। তথ্যপ্রযুক্তি খাত, কম্পিউটারসহ নানা কারখানা তৈরি করা হবে। ঢাকা থেকে সহজেই মাত্র ৩০ মিনিটে এই বিমানবন্দরে পৌঁছানো যাবে। এ এলাকায় গ্যাস আসবে। বিদ্যুৎ, রাস্তাঘাট, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ নির্মাণের জন্য অপেক্ষার দিন গুনতে হবে না। বিমানবন্দরকে কেন্দ্র করে পদ্মা নদীর পাড় ঘেঁষে পর্যটননগর গড়ে উঠবে। প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর নামে বিমানবন্দর নির্মাণের কথা শুনে বিএনপি-জামায়াত গভীর ষড়যন্ত্র করছে। তারা এলাকার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টায় লিপ্ত। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, মুন্সিগঞ্জ-বিক্রমপুর সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক তোফাজ্জেল হোসেন, সিরাজদিখান উপজেলার আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ প্রমুখ।সহকারী পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ বলেন, মানববন্ধনটি শ্রীনগরের ছনবাড়ী থেকে সিরাজদিখানের কুচিয়ামোড়া পর্যন্ত হয়েছে। এত লোকসমাগমের কারণে গাড়ি আটকে পড়ায় আমাদের মহাসড়ক নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়েছে।