আড়িয়ল মামলায় ২২ জনের আগাম জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়িয়ল বিলের আন্দোলন ও বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা পৃথক চার মামলায় ২২ ব্যক্তির আগাম অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। চার মাস অথবা পুলিশ প্রতিবেদন দাখিল করা পর্যন্ত যেটি আগে হয়, সে সময় পর্যন্ত তাঁদের জামিন মঞ্জুর করা হয়েছে।গতকাল মঙ্গলবার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে বিবাদীদের কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা চার সপ্তাহের মধ্যে জানাতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি রুল জারি করা হয়েছে।যাঁদের জামিন মঞ্জুর হয়েছে, তাঁদের মধ্যে আছেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ফখরুল ইসলাম চৌধুরী, পরমাণুুবিজ্ঞানী ফয়জুর রহমান আল-সিদ্দিক, প্রকৌশলী আমানুল ইসলাম চৌধুরী, সাইদুর রহমান সাইদ, আজহার হোসেন, আড়িয়ল বিল রক্ষা কমিটির আহ্বায়ক শাহজাহান বাদল, সদস্য-সচিব জিয়াউর রহমান, আতাউর রহমান, শহীদ উদ্দিন চেয়ারম্যান প্রমুখ।আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের উদ্যোগের প্রতিবাদে সহিংস গণবিক্ষোভের ঘটনায় গত ৩১ জানুয়ারি মুন্সিগঞ্জের শ্রীনগর থানায় ২০ জনের বিরুদ্ধে তিনটি মামলা হয়। এর আগে ২৭ জানুয়ারি নওয়াবগঞ্জ থানায় দুজনের বিরুদ্ধে একটি মামলা হয়। এসব মামলায় সংশ্লিষ্ট ব্যক্তিরা হাইকোর্টে হাজির হয়ে গতকাল আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন জানান।আদালতে জামিন আবেদনকারীদের পক্ষে আইনজীবী সারা হোসেন ও রমজান আলী শিকদার এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী মামলা পরিচালনা করেন।আদেশের পর আইনজীবী সারা হোসেন সাংবাদিকদের বলেন, জীবন ও জীবিকা নিয়ে আন্দোলন হলে অধিকাংশ ক্ষেত্রেই মিথ্যা মামলা হয়। শান্তিপূর্ণ ও ন্যায়সংগতভাবে যাঁরা বক্তব্য রেখেছিলেন এবং ধ্বংসাত্মক কাজে যুক্ত ছিলেন না, তাঁদের বিরুদ্ধেও মামলা হয়েছে।