আড়িয়াল খাঁ নদের ভাঙন হুমকিতে সড়ক ও সেতু
আড়িয়াল খাঁ নদের ভাঙনে মাদারীপুরের শিবচরে ঢাকা-খুলনা মহাসড়ক ও হাজী শরীয়তউল্লাহ সেতু রক্ষা বাঁধের ১০০ মিটার, ৫০টি পরিবারের বসতভিটা ও ১০০ একর জমি বিলীন হয়ে গেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃষ্টির কারণে আড়িয়াল খাঁ নদের পানি বাড়ায় শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা, সন্ন্যাসীরচর, শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল হাট এলাকা, কাকইর, কলাতলা ও বহেরাতলার ইউনিয়নের সেনেরবাট এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এতে দুই শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ৫০০ একর ফসলি জমি নদীগর্ভে চলে গেছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মাদারীপুর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১০ সালে আড়িয়াল খাঁ নদের শিবচরের গুপ্তেরচর এলাকায় পাউবোর অর্থায়নে ঢাকা-খুলনা মহাসড়ক ও হাজী শরীয়তউল্লাহ সেতু রক্ষা বাঁধ নির্মাণ করা হয়। গত কয়েক দিন ভাঙনে এ বাঁধের ১০০ মিটার এলাকা নদে চলে গেছে। সওজ মাদারীপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কবির উদ্দিন আহমেদ ও পাউবোর নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান মিয়া ২১ জুলাই বিকেলে দত্তপাড়ার ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তাঁরা ভাঙন প্রতিরোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।