আড়িয়াল খাঁর পেটে বিদ্যালয় ৫০ একর ফসলি জমি
ফরিদপুরের সদরপুর উপজেলার চর মানাই ইউনিয়নে আড়িয়াল খাঁ নদের ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত রোববার ভাঙনে চর বন্দরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবন ধসে পড়েছে। গত এক সপ্তাহে ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ৫০ একর ফসলি জমি বিলীন হয়ে গেছে।চর মানাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আইউব আলী জানান, ইউনিয়নের কাজিকান্দি গ্রামে চর বন্দরখোলা প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত। গত রোববার বিকেল পাঁচটার দিকে দুটি কক্ষ ও একটি শৌচাগারসহ বিদ্যালয়টির পাকা ভবন নদে ধসে পড়ে। নিচ থেকে মাটি সরে গিয়ে ভবনটি ধসে পড়েছে। এ ছাড়া এক সপ্তাহে ইউনিয়নের রাজকুমার মণ্ডলের কান্দি, ফেলু মাতুব্বরের কান্দি, কাজিকান্দি ও চর মানাই গ্রামের প্রায় ৫০ একর ফসলি জমি আড়িয়াল খাঁর ভাঙনে বিলীন হয়ে গেছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘আমি গতকাল সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতির বাড়ির বারান্দা ও বৈঠকখানায় ক্লাস নেওয়া হচ্ছে। স্কুলে বর্তমানে দুই শতাধিক শিক্ষার্থী আছে।’ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিবপদ দে বিদ্যালয়ের ভবনটি ধসে পড়ার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি রোববার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা বিএনপির সভাপতি জহিরুল হক প্রথম আলোকে বলেন, ‘১৯৭৩ সালে আমার গ্রামের বাড়ি কাজিকান্দিতে এই স্কুলটি স্থাপিত হয়। গত বছর নদের ভাঙনের কারণে স্কুলটি বিলীন হওয়ার উপক্রম হয়েছিল। আমি তখন জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় স্কুল ভবনটি নিলামে বিক্রি করে বিদ্যালয়টি অন্যত্র সরিয়ে নেওয়ার অনুরোধ জানাই। কিন্তু আমার সে কথা শোনা হয়নি।’প্রত্যক্ষদর্শী বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাহজাহান মিয়া প্রথম আলোকে জানান, গত রোববার বেলা সাড়ে তিনটা পর্যন্ত ওই ভবনে ক্লাস নেওয়া হয়েছে। স্কুলটি ভেঙে পড়ার কোনো লক্ষণই ছিল না। কিন্তু বিকেল পাঁচটার দিকে হঠাৎ স্কুলভবনটি নদীর মধ্যে ধসে পড়ে। স্কুলটি ধসে পড়তে সব মিলিয়ে ১০ মিনিট লেগেছে। সকালেও নদী থেকে ভবনটির দূরত্ব ছিল ৪০ গজ।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ওলিউর রহমান বলেন, গত বছর আড়িয়াল খাঁর ভাঙন শুরু হলে বিদ্যালয়ের ভবনটি নিলামে বিক্রি করার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু পরে ভাঙন কমে গেলে সে উদ্যোগ বন্ধ হয়ে যায়। তবে নদের পানি কমে গেলে পুনরায় ভবনটি নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হবে।