আড়িয়াল খাঁর ভাঙন ঠেকাল জনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আড়িয়াল খাঁ নদের ভাঙনে গোয়ালন্দ-তাড়াইল সড়কের একাংশ বিলীন হয়ে গেছে। ভাঙন ঠেকাতে গতকালও বালুভর্তি জিও ব্যাগ ফেলা হয়। দরগাবাজার এলাকা থেকে গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো
আড়িয়াল খাঁ নদের ভাঙনে গোয়ালন্দ-তাড়াইল সড়কের একাংশ বিলীন হয়ে গেছে। ভাঙন ঠেকাতে গতকালও বালুভর্তি জিও ব্যাগ ফেলা হয়। দরগাবাজার এলাকা থেকে গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো

ফরিদপুরে একটি সড়কের ১৫০ ফুট অংশ আড়িয়াল খাঁ নদে বিলীন হয়ে যায়। বন্ধ হয়ে যায় ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল। তবে এলাকার জনতা তাৎক্ষণিকভাবে হাতের কাছে যা পেয়েছে তা নিয়ে ভাঙন রোধে এগিয়ে আসে।

এলাকাবাসী ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সহায়তায় সারা রাতের পরিশ্রমে ভাঙন ঠেকানো সম্ভব হয়। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের দরগাবাজার এলাকায়।

গত বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় ওই এলাকায় আড়িয়াল খাঁ নদের ভাঙনে ২৪ ফুট প্রস্থের গোয়ালন্দ-তারাইল সড়কের ১৫ ফুট প্রস্থ পর্যন্ত সড়কের ১৫০ ফুট অংশ ধসে পড়ে। এরপরই ভাঙন রোধে ঝাঁপিয়ে পড়ে এলাকার সর্বস্তরের মানুষ। বর্তমানে এই সড়কের সদরপুর থেকে দরগাবাজার পর্যন্ত ১২ কিলোমিটার পথে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

ওই এলাকার বাসিন্দা স্কুলশিক্ষক মো. শফিকুল ইসলাম বলেন, বেলা সাড়ে তিনটার দিকে পূর্ব দিক থেকে প্রবল বাতাস শুরু হয়। সঙ্গে সঙ্গেই নদীর পানি পাক দিয়ে উঠে সড়কে আছড়ে পড়লে সড়কের ওই বিশাল অংশটি প্রচণ্ড শব্দে নদীতে বিলীন হয়ে যায়।

দরগাবাজার এলাকার স্কুলছাত্র হজরত মাতুব্বর বলে, ‘সড়কের অংশ ভেঙে পড়ায় আমরা কয়েক শ এলাকাবাসী ওই জায়গায় ছুটে যাই। আমরা বালুর বস্তা, ইটভর্তি বস্তা এবং আশপাশের গাছ কেটে ভেঙে পড়া জায়গায় ফেলতে থাকি। পরে পাউবোর শ্রমিকেরাও আমাদের সঙ্গে যোগ দেন।

পাশের কোষাভাঙ্গা গ্রামের ফারুক মাতুব্বর বলেন, ‘সড়কের অংশটি বিকট শব্দে ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে আমরা এলাকাবাসী হাতের কাছে যা পেয়েছি তাই নিয়ে ছুটে গেছি ভাঙন ঠেকাতে। সারা রাত কাজ করে সকালের মধ্যে ভাঙন ঠেকানো সম্ভব হয়।’

ভাঙন রোধে নিয়োজিত পাউবোর ঠিকাদার মো. খালেদ হোসেন জানান, যখন সড়কটি ভেঙে পড়ে, তখন শ্রমিকেরা খেতে গিয়েছিলেন। ওই সময় এলাকার শত শত মানুষ ভাঙন রোধে ছুটে আসে। এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ, বালুর বস্তা ও ইটভর্তি বস্তা ফেলে সারা রাতের চেষ্টায় ভাঙন ঠেকানো সম্ভব হয়।

ফরিদপুরের পাউবো ও সড়ক বিভাগ কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুর-বরিশাল প্রকল্পের আওতায় ফরিদপুর ইউনিটের কাজের অংশ হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দ থেকে ফরিদপুরের ভাঙ্গার তাড়াইল পর্যন্ত ৬৫ কিলোমিটার দৈর্ঘ্যের এ বন্যানিয়ন্ত্রণ বাঁধটি নির্মাণ করে পাউবো। ২০১০ সালে ওই বাঁধের ওপর দিয়ে সড়ক নির্মাণ করে সড়ক বিভাগ।

গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ, ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পাউবো ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

সুলতান মাহমুদ বলেন, ওই এলাকায় ভাঙন রোধে গত ২৫ জুলাই থেকেই পাউবোর কাজ চলছিল। ফলে ভাঙন রোধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া সহজ হয়েছে। তিনি বলেন, ‘আমাদের সঙ্গে এলাকাবাসী যুক্ত হওয়ায় অতি সহজে বড় ধরনের একটি বিপর্যয়কর অবস্থা আমরা কাটিয়ে উঠতে পেরেছি। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ওই জায়গার ভাঙন ঠেকাতে বালুভর্তি সাত হাজার জিও ব্যাগ, বালুভর্তি আট হাজার সিনথেটিক ব্যাগ ও ইটভর্তি দুই হাজার বস্তা ফেলা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

মো. জাহাঙ্গীর আলম বলেন, বাঁধের ওপর সড়কটি সড়ক বিভাগ নির্মাণ করলেও এ বাঁধের মালিক পাউবো। তাই রক্ষণাবেক্ষণের কাজও পাউবোর তত্ত্বাবধানে হচ্ছে। তিনি বলেন, দরগাবাজার এলাকায় ভাঙনের জন্য ওই সড়কটির সদরপুর থেকে দরগাবাজার পর্যন্ত ১২ কিলোমিটার পথে সব ধরনের যানবাহন চলাচল আপাতত বন্ধ রয়েছে।