আড়িয়াল খাঁর ভাঙনে ৫১টি বাড়িঘর বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুয়াইর গ্রামের দরগা বাজার এলাকায় আড়িয়াল খাঁ নদের ভাঙনে তীব্র আকার ধারণ করেছে। গত মঙ্গলবার পর্যন্ত দুই সপ্তাহে ভাঙনে ৫১টি বাড়িঘরসহ দোকান ও ফসলি জমি বিলীন হয়ে গেছে। গোয়ালন্দ-তারাইল আঞ্চলিক সড়কটিও ভাঙনের কবলে পড়েছে।
এলাকাবাসী, নাসিরাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, দরগা বাজার এলাকায় গত ১৮ জুলাই থেকে ভাঙন দেখা দিয়েছে। এরপর গত ১৫ দিনে আদু খা, ফরহাদ মাতুব্বর, খলিল ব্যাপারী, কালাম মিয়াসহ ২৫টি পরিবারের ৫১টি বাড়িঘর বিলীন হয়েছে। সামাদ মাতুব্বর ও নওয়াব মাতুব্বরের দুটি দোকান নদগর্ভে চলে গেছে। আমির ব্যাপারী, ফারুক মাতুব্বর, বাহাদুর মাতুব্বরসহ ৩০টি পরিবারের ২৭ একর ফসলি জমি বিলীন হয়েছে। কণ্ডু মার্কেট, কালাম হাজি মার্কেট, সাঈদ হাদীর মার্কেটসহ সমগ্র দরগা বাজার এবং মোনাই ফকিরের দরগা এলাকা ভাঙনের হুমকির মুখে রয়েছে। ভাঙ্গা-দরগা বাজার সড়কের ৩০০ মিটার নদে বিলীন হয়ে গেছে। গোয়ালন্দ-তারাইল সড়কও ভেঙে যাচ্ছে। ভাঙন রোধে ২৫ জুলাই থেকে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কাজ শুরু করেছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত সাড়ে চার হাজার বালুভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছে।
গত মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, ঘরবাড়ি ও গাছপালা নদে বিলীন হয়ে যাচ্ছে। এলাকাবাসী দোকান ও বাড়িঘর সরিয়ে নিচ্ছে। এ সময় এলাকার অনেকে বলেন, তাঁরা সবচেয়ে চিন্তিত গোয়ালন্দ-তারাইল সড়ক নিয়ে।
দরগা বাজার এলাকার আব্বাস মাতুব্বর বলেন, ২০০৮ সালে এ এলাকায় নদের ভাঙনে গোয়ালন্দ-তারাইল সড়কের ৫০০ মিটার বিলীন হয়ে যায়। পরে সড়ক বিভাগ সড়কটি সরিয়ে দরগা বাজারের পূর্ব দিক দিয়ে পুনর্নির্মাণ করে। কিন্তু সড়কটি আবার ভাঙনের মুখে পড়েছে।
একই এলাকার সামাদ মাতুব্বর বলেন, ‘আমরা যেকোনোভাবে সড়কটি রক্ষা করতে মরিয়া। তাই সড়কে ভাঙন দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে এলাকাবাসী নিজেদের উদ্যোগে গাছ কেটে ভাঙনকবলিত জায়গায় ফেলছে। কিন্তু তাতে কাজ হচ্ছে না।’
আড়িয়াল খাঁর ভাঙন ঠেকাতে এলাকার হিন্দু সম্প্রদায় গতকাল গঙ্গা পূজার আয়োজন করে। সকাল নয়টার দিকে প্রায় অর্ধশত হিন্দু নারী প্রদীপ ও ধূপ জ্বালিয়ে এবং তেল, সিঁদুর, লবণ, চিনি, ফল ও দূর্বা নিয়ে নদের গোয়ালন্দ-তারাইল সড়কের ভেঙে যাওয়া অংশে পূজা দেন।
পূজা দিতে আসা উজ্জ্বল রানী পাল বলেন, ‘মা গঙ্গাকে সন্তুষ্ট করতে তাঁরা এ পূজার আয়োজন করেছেন, যাতে মা গঙ্গা সদয় হয়ে সংহার মূর্তি ত্যাগ করেন।’
নাসিরাবাদ ইউপির চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী বলেন, সড়কটি রক্ষা করতে এবং ভাঙন রোধে দুজন ঠিকাদারের মাধ্যমে বালুর বস্তা ফেলা হচ্ছে। তহবিল-সংকটের কারণে ঠিকাদারেরা ঠিকমতো কাজ করছেন না।
ফরিদপুর পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল হাকিম বলেন, ‘ভাঙন রোধে অস্থায়ী ভিত্তিতে কাজ শুরু করেছি। জিও ব্যাগ ও বালুভর্তি ব্যাগ ফেলা হচ্ছে। পানি কমে যাওয়ার পর ব্লক বসানোসহ স্থায়ী কাজ শুরু করব। ফান্ডের (তহবিল) একটু সমস্যা আছে। তারপরও কাজ চালিয়ে যাচ্ছি।’