আড়িয়াল খাঁয় ট্রলারডুবি, নয় জনের প্রাণহানি
নরসিংদীর রায়পুরায় আড়িয়াল খাঁ নদে ট্রলার ডুবে শিশুসহ নয়জনের মৃত্যু হয়েছে। উপজেলার উত্তর বাখন নগর ইউনিয়নের জংগী শিবপুর বাজার ঘাট এলাকায় গতকাল শনিবার বেলা ১১টার দিকে ট্রলারডুবির এ ঘটনা ঘটে। অতিরিক্ত যাত্রীবোঝাইয়ের কারণে ট্রলারটি ডুবে যায় বলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন দেওয়ানের চর এলাকার ফজর আলীর স্ত্রী মালদুরের নেছা (৭০) ও তাঁর নাতি ইয়াছিন (৭), চর মরজাল এলাকার মিয়া বক্সের স্ত্রী ফুলেছা বেগম (৫০), বারৈচা এলাকার রফিকুল ইসলামের ছেলে রাকিব মিয়া (১২), একই এলাকার মিলন মিয়ার মেয়ে মারজিয়া বেগম (৩), আকতার মিয়ার ছেলে সম্রাট মিয়া (৮), রবিউল্লাহ মিয়ার স্ত্রী
মালা বেগম (২৫) ও মেয়ে সুমাইয়া আক্তার (৫) এবং সুন্দর আলীর মেয়ে জেরিন আক্তার (৮)।
ট্রলারডুবির এ ঘটনায় আরও ১০-১৫ জন নিখোঁজ আছে বলে জানিয়েছেন স্থানীয় মানুষ। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ কিছু জানাতে পারেনি। স্বজন নিখোঁজ রয়েছেন, এমন কোনো অভিযোগও কেউ করেননি।
প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, বারৈচা এলাকার নারী-শিশুসহ শতাধিক লোক দুটি ট্রলারে করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়ইকান্দি এলাকার গণি শাহের মাজারে যাচ্ছিলেন। বেলা পৌনে ১১টার দিকে ৪০-৫০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার জংগী শিবপুর বাজার ঘাট থেকে ছাড়ে। ৬০-৭০ জন যাত্রী নিয়ে দ্বিতীয় ট্রলারটি ছাড়ে বেলা ১১টার দিকে। ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই এটি ডুবে যায়। ৪০-৫০ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে আসতে পারলেও শিশু, নারীসহ বেশ কয়েকজন ট্রলারের সঙ্গেই তলিয়ে যান। যাত্রীদের চিৎকারে পাশের বাজারের লোকজন দৌড়ে ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে উদ্ধার করেন। খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার নুরুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে স্থানীয় মানুষকে উদ্ধারকাজে তদারক শুরু করেন। পরে বেলা সোয়া দুইটার দিকে নরসিংদী ফায়ার সার্ভিসের পরিদর্শক মহসীন প্রধানের নেতৃত্বে চারজন ডুবুরি উদ্ধারকাজে নামেন। এর আগে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট নৌকায় করে উদ্ধারকাজে স্থানীয় মানুষকে সহায়তা করছিল।
প্রত্যক্ষদর্শী ইমতিয়াজ আহমেদ বলেন, দ্বিতীয় ট্রলারটি ছাড়ার সঙ্গে সঙ্গে প্রথমে এক দিকে কাত হয়ে যায় এবং পরে উল্টে যায়। স্থানীয় ইউপি সদস্য রানা মিয়া বলেন, ধারণা করা হচ্ছে, ১০-১৫ জন নিখোঁজ থাকতে পারে।
ওসি আজহারুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, অতিরিক্ত যাত্রীবোঝাইয়ের কারণে ট্রলারটি ডুবে গেছে। এতে শিশু, নারীসহ নয়জন নিহত হন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার নুরুল হক বলেন, ‘আমরা নয়জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হতে পেরেছি। অন্য কারও নিখোঁজ থাকার ব্যাপারে বিকেল সোয়া চারটা পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।’